
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক এন এইচ এম কামরুজ্জামান সরকার জানান, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাল শুক্রবার (আজ) সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (পূর্ব) এ কে এম নাহিদুল ইসলাম জানান, জামায়াতে ইসলামীর ডাকা হরতালের মধ্যে গতকাল সকালে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে একটি সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর পর বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাধারণ সম্পাদক আহমেদ ইয়াসিরের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী সেখানে গিয়ে অনুষ্ঠান বন্ধ রাখার জন্য হুমকি-ধমকি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিবিরের নেতা ইয়াসির ও কর্মী হারুনুর রশীদকে আটক করে। এ সময় শিবিরের নেতার কাছ থেকে দেশীয় অস্ত্র (ছুরি, রড) উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও হলের শিক্ষার্থী সূত্রে জানা যায়, ওই ঘটনার পর ক্যাম্পাসের শিবির-নিয়ন্ত্রিত সেলিম হলে জড়ো হন শিবিরের কর্মীরা। খবর পেয়ে বেলা দুইটার দিকে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল হলের সামনে অবস্থান নেয়। ছাত্রলীগের নেতা-কর্মীরাও হলের বাইরে অবস্থান নিলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়ে হলে ঢুকে তল্লাশি শুরু করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রাইসুল ইসলাম ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরাও হলে প্রবেশ করে ফটকে তালা ঝুলিয়ে দেন। হলের ভেতরে শিবির-নিয়ন্ত্রিত কক্ষগুলোতে গিয়ে ভাঙচুর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা শিবিরের কর্মীদের মারধরও করেন। এতে আহত রাকিব নামের শিবিরের এক কর্মীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রায় এক ঘণ্টা তল্লাশি শেষে শিবিরের কর্মী আদনান আহমেদ, আসাদুজ্জামান, ইশতিয়াক আহমেদ, নূর আলম সিদ্দিকী, গোলাম আযম ও ফরহাদ হোসেনকে আটক করে নিয়ে যায় পুলিশ।
ওসি আলমগীর জানান, আটকের ঘটনার জের ধরে বিকেল সাড়ে চারটার দিকে শিবিরের নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে। শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং বেশ কয়েকটি কটটেলের বিস্ফোরণ ঘটান। পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
এদিকে সংঘর্ষের পর ক্যাম্পাসে মহড়া দেন প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁদের কাছে অস্ত্রশস্ত্র দেখা যায়।
ওসি আলমগীর হোসেন বলেন, ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বলেন, ‘শিবিরের কোনো নেতা-কর্মীকে মারধরের ঘটনা ঘটেনি। তবে পুলিশ অভিযান চালানোর সময় ধস্তাধস্তির ঘটনা ঘটলেও ঘটতে পারে।’
এ বিষয়ে শিবিরের কারও বক্তব্য পাওয়া যায়নি।