রাজশাহী বিভাগে আরও ১১৫৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের প্রতীকী ছবি

রাজশাহী বিভাগে গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর ২৪ ঘণ্টায় বিভাগে মারা গেছেন আরও ২৩ জন। আজ রোববার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। এ সময়ে ৪ হাজার ৮৩৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১৫৩ জনের। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ২৩ দশমিক ৮৫ শতাংশ। আগের দিন ৩ হাজার ৯৬ জনের নমুনা পরীক্ষায় ৬২০ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২০ দশমিক শূন্য ২ শতাংশ। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় বিভাগে নমুনা পরীক্ষা বেড়েছে। এর সঙ্গে শনাক্ত ও সংক্রমণের হারও বেড়েছে।

২৪ ঘণ্টায় নতুন ১ হাজার ১৫৩ জন নিয়ে বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ৭১৪ জনে। এর মধ্যে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ রাজশাহীতে ২৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ২০, নওগাঁয় ৩৬, নাটোরে ১৩৬, জয়পুরহাটে ৩৭, বগুড়ায় ১৮৩, সিরাজগঞ্জে ২৪৪ ও পাবনায় ২১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এটি এক দিনে বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। বিভাগে আগের দিন ২৪ ঘণ্টায় মারা গিয়েছিলেন ১০ জন। নতুন ২৩ মৃত্যু নিয়ে বিভাগে মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৩। ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে নাটোরে ৮ জন। এটি এই জেলায় এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যু। এ ছাড়া বগুড়ায় ৭ জন, জয়পুরহাটে ৩ জন, রাজশাহী ও সিরাজগঞ্জে ২ জন করে এবং চাঁপাইনবাবগঞ্জে ১ জন করোনায় মারা গেছেন।

বিভাগে এ পর্যন্ত মোট মৃত ১ হাজার ৫৩ জনের মধ্যে সর্বোচ্চ ৪৬৫ জনের মৃত্যু হয়েছে বিভাগের বগুড়া জেলাতে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে রাজশাহী জেলায় ১৯১ জনের। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১২২ জন, নওগাঁয় ১০০ জন, নাটোরে ৭৪ জন, জয়পুরহাটে ৪১ জন, সিরাজগঞ্জে ৩৩ জন এবং পাবনায় ২৭ জনের মৃত্যু হয়েছে করোনায়। এদিকে গত ২৪ ঘণ্টায় আরও সুস্থ হয়েছেন ৮৩৫ জন।