রাজশাহী বিভাগে এক দিনে রেকর্ড ৮১৫ জনের করোনা শনাক্ত
রাজশাহী বিভাগে রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে ৮ জুন বিভাগে এক দিনে সর্বোচ্চ ৬৭৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় করোনায় আরও সাতজনের মৃত্যু হয়েছে।
আজ দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত বিভাগে ৫ হাজার ১১০ জনের নমুনা পরীক্ষায় ৮১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৯৪ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৫৩ শতাংশ। অর্থাৎ ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়েছে।
নতুন ৮১৫ নিয়ে বিভাগে মোট করোনার রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৫৬০। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে রাজশাহীতে শনাক্ত হয়েছে সর্বোচ্চ ৩৫৩ জন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৫৮ জন, নওগাঁয় ৯৪, নাটোরে ৬২, জয়পুরহাটে ৯৬, বগুড়ায় ১৫, সিরাজগঞ্জে ১০ জন ও পাবনায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগে সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রাজশাহী জেলায় সর্বোচ্চ তিনজন মারা গেছেন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, জয়পুরহাটে একজন করে মারা গেছেন। এ নিয়ে বিভাগের মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২৩।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী বিভাগে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩৩ জন। এ নিয়ে বিভাগে মোট সুস্থ হলেন ৩২ হাজার ৭৭৫ জন। বর্তমানে বিভাগের ৮ জেলায় হাসপাতালে চিকিৎসাধীন ৪ হাজার ১৯৬ জন রোগী। এর মধ্যে ৬৮ জন ভর্তি হয়েছেন গত ২৪ ঘণ্টায়।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার প্রথম আলোকে বলেন, বিভাগে পিসিআর ল্যাবের পাশাপাশি অ্যান্টিজেন পরীক্ষা বাড়ানো হয়েছে। এ কারণে শনাক্তের পরিমাণ বাড়ছে।