রাজশাহী বিভাগে এক দিনে সর্বোচ্চ ৪২৭ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরুর পর গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে সর্বোচ্চসংখ্যক ৪২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে। সর্বোচ্চ শনাক্তের দিনে বিভাগে করোনায় পাঁচজন মারা গেছেন। আজ বুধবার দুপুরে পাঠানো রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

  • বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ২৮৬।

  • গত ২৪ ঘণ্টায় বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলায় সর্বোচ্চ ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

  • রাজশাহীতে দ্বিতীয় সর্বোচ্চ ১২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

  • এ ছাড়া নওগাঁয় ১৫ জন, নাটোরে ২৩, জয়পুরহাটে ১৪, বগুড়ায় ১৭, সিরাজগঞ্জে ১৪ ও পাবনায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগ থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় ৪২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এটি এক দিনে গত দেড় বছরের শনাক্তের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ২৮৬। গত ২৪ ঘণ্টায় বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলায় সর্বোচ্চ ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহীতে দ্বিতীয় সর্বোচ্চ ১২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া নওগাঁয় ১৫ জন, নাটোরে ২৩, জয়পুরহাটে ১৪, বগুড়ায় ১৭, সিরাজগঞ্জে ১৪ ও পাবনায় ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগ থেকে পাঠানো প্রতিবেদন থেকে জানা গেছে, রাজশাহী বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ১২ এপ্রিল। এরপর গত বছরের ২৯ জুন শনাক্ত রোগীর সংখ্যা ৫ হাজার ছাড়ায়। এভাবে ২০ জুলাই ১০ হাজার, ৪ আগস্ট ১৫ হাজার, ৩০ সেপ্টেম্বর ২০ হাজার, চলতি বছরের ২০ জানুয়ারি ২৫ হাজার, ১৯ এপ্রিল ৩০ হাজার, ৩০ মে ৩৫ হাজার ছাড়ায়। আর আজ বুধবার ছাড়াল ৩৬ হাজার রোগী। অর্থাৎ মাত্র তিন দিনে শেষ ১ হাজার রোগীর বেশি বিভাগে শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ শনাক্ত হওয়া চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণ প্রায় ৫৪ শতাংশ। রাজশাহীতে এই হার ৪০ শতাংশের বেশি। চাঁপাইনবাবগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাব, অ্যান্টিজেন ও জিন-এক্সপার্ট মেশিনে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৬৩ জনের। এর মধ্যে শনাক্ত হয়েছে (৫৩ দশমিক ৯৯ শতাংশ) ১৯৬ জন। আর রাজশাহীতে সব মিলিয়ে পরীক্ষা হয়েছে ৩০২ জনের নমুনা। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১২৩ জনের।

বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন পাঁচজন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে তিনজন, রাজশাহী ও নাটোরের একজন করে  রয়েছেন। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৯। এর মধ্যে সর্বোচ্চ ৩১৫ জনের মৃত্যু হয়েছে বগুড়া জেলায়। দ্বিতীয় সর্বোচ্চ ৮৭ জন মারা গেছেন রাজশাহীতে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৪০ জন, নওগাঁয় ৪৩, নাটোরে ২৬, জয়পুরহাটে ১২, সিরাজগঞ্জে ২৪ ও পাবনায় ২২ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী বিভাগে গত ২৪ ঘণ্টায় সুস্থ রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। আগের সুস্থ রোগীর সংখ্যা ৬৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন মাত্র ৭৮ জন। এ নিয়ে বিভাগে মোট সুস্থ হয়েছেন ৩১ হাজার ৬১৩ জন।