রাজশাহী বিভাগে করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্তের হার বেড়েছে
রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় একজন মারা গেছেন। মৃত ব্যক্তির বাড়ি রাজশাহী জেলায়। এই সময়ে ১ হাজার ২২৮ জনের নমুনা পরীক্ষা করে করোনা সংক্রমণ ধরা পড়েছে ১৮৬ জনের দেহে। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৫ দশমিক ১৫।
আজ দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষা কমেছে। আগের ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছিল ১ হাজার ৮৫৮ জনের, করোনা শনাক্ত হয়েছিল ২১৬ জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত ছিল ১১ দশমিক ৬২ শতাংশ। অর্থাৎ ২৪ ঘণ্টা ব্যবধানে বিভাগে নমুনা পরীক্ষা কমেছে। তবে বেড়েছে শনাক্তের হার।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় শনাক্ত ১৮৬ জনের মধ্যে নাটোরে সর্বোচ্চ ৫২ জন। এ ছাড়া সিরাজগঞ্জে ৩৬ জন, বগুড়ায় ২৮, জয়পুরহাটে ২৭, রাজশাহীতে ১৩, পাবনায় ১১, নওগাঁয় ১০ ও চাঁপাইনবাবগঞ্জে ৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আট জেলার বিভাগটিতে এ পর্যন্ত করোনা রোগী দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৯৩৭ জন। এর মধ্যে মারা গেছেন ১ হাজার ৭৩৫ জন।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার বলেন, করোনা সংক্রমণ কমে আসছে। এবার করোনায় যাঁরা মারা গেছেন, তাঁদের বেশির ভাগই টিকা নেওয়া ছিলেন না। টিকা নেওয়ার কারণেই সংক্রমণ বাড়লেও মৃত্যুহার খুব কম ছিল।