রাজশাহী বিভাগে করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ১৭০
রাজশাহী বিভাগে করোনায় আগের দিন মৃত্যুহীন কেটেছে। তবে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিভাগটিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে বিভাগের আট জেলায় শনাক্ত হয়েছে আরও ১৭০ রোগী।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত করোনাবিষয়ক এসব তথ্য জানা যায়। এর আগে গত বুধবার বিভাগে কেউ করোনায় মারা যাননি।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় রাজশাহী বিভাগে ১৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন চলতি বছর করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর সর্বোচ্চ ২৭৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে রাজশাহী জেলায় ৭০ জন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ২৪ জন, নওগাঁয় ১৭, জয়পুরহাটে ৩, বগুড়ায় ৭, সিরাজগঞ্জে ১ ও পাবনায় ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে প্রতিবেদনে নাটোরে কেউ আক্রান্ত হয়নি বলে জানানো হয়েছে। নতুন ১৭০ আক্রান্ত নিয়ে রাজশাহী বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪৯৭ জনে।
বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন পাঁচজন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বগুড়ার তিনজন, রাজশাহী একজন ও সিরাজগঞ্জের একজন রয়েছেন। বিভাগে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৫৩৮ জন। এর মধ্যে সর্বোচ্চ ৩১২ জনের মৃত্যু হয়েছে বগুড়া জেলায়। দ্বিতীয় সর্বোচ্চ ৮২ জন মারা গেছেন রাজশাহীতে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ২৮ জন, নওগাঁয় ৩৮, নাটোরে ২১, জয়পুরহাটে ১১, সিরাজগঞ্জে ২৪ ও পাবনায় ২২ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৩৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট সুস্থ হয়েছেন ৩১ হাজার ১৫১ জন।