রাজশাহী বিভাগে করোনায় এক দিনে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

রাজশাহী বিভাগে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এটি বিভাগে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে ৮ ও ১৪ জুন করোনায় আক্রান্ত ১২ জন করে মারা যান। এ নিয়ে করোনায় বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭২। এর মধ্যে চলতি জুন মাসের প্রথম ১৫ দিনেই মারা গেছেন ১১৪ জন রোগী।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে আরটি-পিসিআর, র‍্যাপিড অ্যান্টিজেন ও জিন-এক্সপার্ট—এই তিন ধরনের পরীক্ষায় ৪ হাজার ২৯২ জনের নমুনা পরীক্ষা করে ৭১২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৫৯ শতাংশ। আজ রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে রয়েছেন চারজন করে, রাজশাহীতে তিনজন, নওগাঁর দুজন ও বগুড়ার একজন। বিভাগে করোনায় এ পর্যন্ত মারা যাওয়া ৬৭২ জনের মধ্যে সর্বোচ্চ ৩২৭ জনের মৃত্যু হয়েছে বগুড়া জেলায়। দ্বিতীয় সর্বোচ্চ ১১২ জন মারা গেছেন রাজশাহীতে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে মারা গেছেন ৭৭ জন, নওগাঁয় ৫৪, নাটোরে ৩৮, জয়পুরহাটে ১৫, সিরাজগঞ্জে ২৭  ও পাবনায় ২২ জন।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে তিন ধরনের পরীক্ষায় ৪ হাজার ২৯২ জনের নমুনা পরীক্ষা করে ৭১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩৩ হাজার ৯৫৮ জন। বর্তমানে আট জেলায় হাসপাতালে চিকিৎসাধীন ৪ হাজার ৪৫১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন।

সর্বোচ্চ শনাক্ত রাজশাহীতে

গত ২৪ ঘণ্টায় নতুন করোনা শনাক্ত ৭১২ জনের মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে রাজশাহী জেলায় ৩৫৩ জন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে শনাক্ত হয়েছেন ৪৯ জন, নওগাঁয় ৭২, নাটোরে ৬১, জয়পুরহাটে ৬৯, বগুড়ায় ৪৬, সিরাজগঞ্জে ১৯ ও পাবনায় ৪৩ জনের। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৬১৩। মোট রোগীর মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছে রাজশাহী জেলায় ১২ হাজার ৬২১ জন। এরপর বগুড়ায় শনাক্ত ১২ হাজার ৬১৩, সিরাজগঞ্জে ৩ হাজার ৮৮৭, পাবনায় ৩ হাজার ৩৯৮, চাঁপাইনবাবগঞ্জে ৩ হাজার ২৫০, নওগাঁয় ৩ হাজার ৭০, জয়পুরহাটে ২ হাজার ৪৪৮ ও নাটোরে ২ হাজার ৩২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল সোমবার পর্যন্তও বিভাগের বগুড়া জেলায় সর্বোচ্চ শনাক্ত রোগী ছিল।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার বলেন, গত ২৪ ঘণ্টায় নাটোরে সর্বোচ্চ চারজন মারা গেছেন। নাটোরে সংক্রমণও বাড়ছে। এ কারণে সেখানকার দুই উপজেলাকে আরও এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিভাগের মৃত্যু বাড়ছে। গত বছর ২৬ এপ্রিল প্রথম রোগী মারা যান। এরপর আজ এক দিনে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হলো।