রাজশাহী বিভাগে করোনায় এক দিনে ৮ জনের মৃত্যু, শনাক্ত ৩০০
রাজশাহী বিভাগের আট জেলায় এক দিনে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩০০ জন। এর আগে ২১ এপ্রিল এক দিনে সর্বোচ্চ আটজনের মৃত্যু হয়েছিল।
আজ সোমবার দুপুরে পাঠানো রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় সংক্রমিত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক দিনে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে করোনার নতুন ‘হটস্পট’ চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এ ছাড়া রাজশাহীতে দুজন ও জয়পুরহাটে একজন মারা গেছেন। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৮। এর মধ্যে সর্বোচ্চ ৩১৩ জনের মৃত্যু হয়েছে বগুড়া জেলায়। দ্বিতীয় সর্বোচ্চ ৮৬ জন মারা গেছেন রাজশাহী জেলায়।চাঁপাইনবাবগঞ্জে ৩৭ জন, নওগাঁয় ৪০, নাটোরে ২৪, জয়পুরহাটে ১২, সিরাজগঞ্জে ২৪ ও পাবনা জেলায় ২২ জনের মৃত্যু হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নমুনা পরীক্ষায় রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩০০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৪৭৫। এর আগে গতকাল এক দিনে সর্বোচ্চ ৩৩৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে রাজশাহী জেলায় ১২৭ জনের। করোনার নতুন হটস্পট চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৯৩ জন। এ ছাড়া নওগাঁয় ১৯, নাটোরে ১১ জন, জয়পুরহাটে ২২, বগুড়ায় ১০, সিরাজগঞ্জে ৬ ও পাবনায় ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত কয়েক দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা বেড়েছে। বিভাগে আগের দিন ৫১ জন সুস্থ হয়েছিলেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১৯ জন। এ নিয়ে বিভাগে মোট সুস্থ হয়েছেন ৩১ হাজার ৪৭০ জন।