রাজশাহী বিভাগে করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ২১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। মারা যাওয়া ওই ব্যক্তি রাজশাহী জেলার বাসিন্দা। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত ১ হাজার ৮৫৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১১ দশমিক ৬২।

এর আগের ২৪ ঘণ্টায় তুলনায় আজ নমুনা পরীক্ষার সংখ্যা বাড়লেও শনাক্তের হার কমেছে। এর আগের দিন ১ হাজার ৩০৩ জনের নমুনা পরীক্ষায় ১৯৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত ছিল ১৫ দশমিক ১৯ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২১৬ জনের মধ্যে পাবনায় সর্বোচ্চ ৮৬ জন আছেন। এ ছাড়া রাজশাহীতে ৪৯, চাঁপাইনবাবগঞ্জে ২৩, সিরাজগঞ্জে ২১, বগুড়ায় ১৯, নাটোরে ৮ এবং নওগাঁ ও জয়পুরহাটে ৫ জন করে শনাক্ত হয়েছেন। বিভাগে এখন পর্যন্ত ১ লাখ ১৭ হাজার ৭৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭৩৪ জন।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার বলেন, করোনা শনাক্তের হার কমতে শুরু করেছে। মানুষের মধ্যে করোনার উপসর্গ কমায় পরীক্ষার চাপও কমছে। সব মিলিয়ে করোনার সংক্রমণ দ্রুত ন্যূনতম সংখ্যায় নেমে আসবে বলে ধারণা করা যাচ্ছে। তবে এখনো করোনার টিকা নেওয়ার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে।