রাজশাহী বিভাগে করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৮৮ জনের। এ সময় নমুনা পরীক্ষা হয়েছে ১ হাজার ৩২ জনের। শনাক্তের হার ৮ দশমিক ৫৩। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সিরাজগঞ্জে একজন মারা গেছেন।

রোববার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা যায়। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষা বেড়েছে। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৩৭০ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয়েছিল ৩৬ জনের। শনাক্তের হার ছিল ৯ দশমিক ৭৩।

প্রতিবেদনে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় শনাক্ত ৮৮ জনের মধ্যে পাবনার ৩৪, নাটোরের ১৪, চাঁপাইনবাবগঞ্জের ১২, সিরাজগঞ্জের ৯, নওগাঁর ৫, বগুড়ার ৪ ও জয়পুরহাটের ২ জন রয়েছেন। নতুন সংক্রমণ ৮৮ জন নিয়ে বিভাগে এখন পর্যন্ত শনাক্ত রোগী দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৪১২ জন। এখন পর্যন্ত করোনায় বিভাগে মারা গেছেন ১ হাজার ৭৪২ জন।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার বলেন, বিভাগে শনাক্তের হার আগের দিনের তুলনায় কমেছে। ধীরে ধীরে এটা ৫ শতাংশের নিচে নেমে আসবে শিগগিরই। সবাইকে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি করোনার ভ্যাকসিন নিতে হবে। তাহলে ভবিষ্যতে আবার করোনার প্রাদুর্ভাব দেখা দিলেও প্রাণহানি কম ঘটবে।