রাজশাহী বিভাগে করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৮৩৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও বগুড়ায় একজন করে মারা গেছেন। এর আগের ২৪ ঘণ্টায়ও ৪ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৭১৫।

গত ২৪ ঘণ্টায় বিভাগে ২ হাজার ১৬৭ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৮৩৩ জনের। শনাক্তের হার ৩৮ দশমিক ৪৪। আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ৫০০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৮৯৯ জনের। পরীক্ষা অনুপাতে শনাক্ত ছিল ৩৫ দশমিক ৯৬ শতাংশ।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলায় ৫৩২ জনের নমুনা পরীক্ষায় ২২৭ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্ত ৪২ দশমিক ৬৭ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জে ১৯০ জনের নমুনা পরীক্ষায় ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে; শনাক্ত ৪০ দশমিক ৫২ শতাংশ। নাটোরে ২৮৮ জনের নমুনা পরীক্ষায় ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে; শনাক্ত ৩৬ দশমিক ১১ শতাংশ। নওগাঁয় ২২২ জনের নমুনা পরীক্ষায় ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে; শনাক্ত ২৭ শতাংশ।

পাবনায় ২৭৭ জনের নমুনা পরীক্ষায় ১৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে; শনাক্তের হার ৪৮ দশমিক শূন্য ১। সিরাজগঞ্জে ২৫৫ জনের নমুনা পরীক্ষায় ১১৩ জনের করোনা শনাক্ত; শনাক্তের হার ৪৪ দশমিক ৩১। বগুড়ায় ৩০৯ জনের নমুনা পরীক্ষায় ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে; শনাক্তের হার ২৯ দশমিক ১২। জয়পুরহাটে ৯৪ জনের নমুনায় পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে; শনাক্তের হার ৩০ দশমিক ৮৫।

রাজশাহী বিভাগে প্রথম করোনা শনাক্ত হন ২০২০ সালের ১২ এপ্রিল। এখন পর্যন্ত বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ১২ হাজার ৭৪৮ জন। বিভাগে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৯ হাজার ৭৮২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ জন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৯৫৭ জন। বাকিরা হাসপাতালের বাইরে চিকিৎসা নিয়েছেন।

রামেক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এই চারজনের মধ্যে তিনজনই রাজশাহীর বাসিন্দা; অন্যজন নাটোরের। হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে ১৪৬ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৬৫ জন। এর মধ্যে রাজশাহী জেলারই রয়েছেন ৪৫ জন।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার বলেন, গত ২৪ ঘণ্টায়ও করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে রোগী বাড়ছে। এ পরিস্থিতিতে টিকা নিতে হবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।