রাজশাহী বিভাগে করোনায় মৃত্যু ছাড়াল ১ হাজার ২০০, শেষ দেড় মাসেই অর্ধেক
রাজশাহী বিভাগে গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৫ জন। এটি গত দেড় মাসের মধ্যে এক দিনে সবচেয়ে কম মৃত্যু। এই ৫ জন নিয়ে বিভাগে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ হাজার ২০০।
এর মধ্যে শেষ ৬০০ রোগীর মৃত্যু হয়েছে শেষ ৪৭ দিনে। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ২১৭ জন।
আজ শুক্রবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিভাগে গত ২৪ ঘণ্টায় ৬৮৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২১৭ জনের। শনাক্তের হার ৩১ দশমিক ৫৪ শতাংশ। এটি এক দিনে রাজশাহী বিভাগে সর্বোচ্চ শনাক্তের হার। আগের ২৪ ঘণ্টায় ৮৬১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ২৪২ জনের। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ছিল ২৮ দশমিক ১১ শতাংশ। এটি আগের ২৪ ঘণ্টায় ছিল এক দিনে সর্বোচ্চ শনাক্তের হার। নতুন ২১৭ জন নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ৮৮২ জনে।
২৪ ঘণ্টায় শনাক্ত রোগীদের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে বগুড়ায় ৮৪ জনের। এ ছাড়া সিরাজগঞ্জে ৭৬ জন, রাজশাহীতে ২২ জন, নওগাঁয় ২০ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন ও জয়পুরহাটে একজনের করোনা শনাক্ত হয়েছে। এদিন নাটোর ও পাবনায় নমুনা পরীক্ষা হয়নি। ফলে এদিন কেউ এই দুই জেলায় শনাক্তও হয়নি।
রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে কম মানুষের মৃত্যু হয়েছে। গত দেড় মাসের মধ্যে বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। আগের দিন মৃত্যু হয়েছিল ৬ জনের। মৃত ৫ জনের মধ্যে রাজশাহীতে ৩ জন, বগুড়া ও সিরাজগঞ্জের একজন করে মারা গেছেন। নতুন ৫ মৃত্যু নিয়ে বিভাগে করোনায় মোট মৃত্যু হয়েছে ২ হাজার ২০২ জনের। বিভাগের আট জেলায় এ পর্যন্ত মোট মৃত্যুর মধ্যে সর্বোচ্চ ৫১৫ জনের মৃত্যু হয়েছে বিভাগের বগুড়া জেলাতে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে রাজশাহী জেলায় ২১৭ জনের। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৩১ জন, নওগাঁয় ১১৪ জন, নাটোরে ৯৯ জন, জয়পুরহাটে ৪৬ জন, সিরাজগঞ্জে ৪৮ জন এবং পাবনায় ৩২ জনের মৃত্যু হয়েছে করোনায়।
প্রতিবেদনে বলা হয়েছে, বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৪২ জন। আগের দিন সুস্থ হয়েছিলেন ৫৩৩ জন। নতুন ৪৪২ জন নিয়ে বিভাগে মোট সুস্থ হয়েছেন ৫৩ হাজার ২৩৮ জন। বর্তমানে বিভাগের ৮ জেলায় হাসপাতালে চিকিৎসাধীন ১০ হাজার ৫৭৯ জন।