রাজশাহী বিভাগে করোনায় মৃত্যুহীন ২৪ ঘণ্টা
রাজশাহী বিভাগে গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় দুজন মারা যান। চলতি মাসে এ নিয়ে চতুর্থবার মৃত্যুহীন দিন কাটল। করোনায় বিভাগে মোট মারা গেছেন ১ হাজার ৬৬০ জন।
এদিকে বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৪৭ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ৪৬। আগের ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্তের হার ছিল ৩ দশমিক ৯৮। আজ শনিবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩ দশমিক ৪৬। আগের ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্তের হার ছিল ৩ দশমিক ৯৮।
বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে বগুড়ায় ১৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২ জন, রাজশাহীতে ১০ জন, সিরাজগঞ্জে ৮ জন এবং নওগাঁয় ১ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় বিভাগের নাটোর, জয়পুরহাট ও পাবনায় কারও করোনা শনাক্ত হয়নি। নতুন শনাক্তদের নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ৯।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৩৬ জন। বিভাগে এ নিয়ে করোনা থেকে মোট সুস্থ হলেন ৯৩ হাজার ৮১৬ জন। সুস্থতার হার ৯৫ দশমিক ৭২ শতাংশ। বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন।
রাজশাহী মেডিকেলে ২ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। দুজনেরই বাড়ি রাজশাহীতে। আগের দিন উপসর্গ নিয়ে মারা গিয়েছিলেন চারজন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, শনিবার সকাল ৯টা পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডের ২৪০ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ১২২ জন। গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ জন।