রাজশাহী বিভাগে করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ২৪৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৭৩৩।

গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ৪২০ জনের নমুনা পরীক্ষায় ২৪৮ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে, শনাক্তের হার ১৭ দশমিক ৪৬। আজ দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষা কমেছে। এর আগের দিন ১ হাজার ২০৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৬৪ জন, শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৫৯। অর্থাৎ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বাড়ার পাশাপাশি শনাক্তের পরিমাণ ও হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে সর্বোচ্চ ৪৯ জন, নাটোরে ৪৪, পাবনায় ৪৩, বগুড়ায় ৩৩, সিরাজগঞ্জে ২৮, চাঁপাইনবাবগঞ্জে ২৬, নওগাঁয় ১৭ ও জয়পুরহাটে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত শনাক্ত রোগী দাঁড়ালো ১ লাখ ১৭ হাজার ৩৭৩ জনে।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার বলেন, আগের দিনের তুলনায় করোনা শনাক্তের হার বেড়েছে। করোনা প্রতিরোধে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।