রাজশাহী বিভাগে করোনায় ২ জনের মৃত্যু, কমেছে শনাক্তের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

রাজশাহী বিভাগে গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের বাড়ি রাজশাহীতে। এর আগের ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছিল। নতুন দুই মৃত্যু নিয়ে বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭২৩। গত ২৪ ঘণ্টায় বিভাগে ২ হাজার ২২৫ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৫৫৩ জনের। শনাক্তের হার ২৪ দশমিক ৮৫।

আজ মঙ্গলবার বিকেলে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে কিছুটা কম নমুনা পরীক্ষা হয়েছে। আগের ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছিল ২ হাজার ৬০৬ জনের। করোনা শনাক্ত হয় ৬৭২ জনের। শনাক্তের হার ছিল ২৫ দশমিক ৭৯। অর্থাৎ ২৪ ঘণ্টা ব্যবধানে বিভাগে নমুনা পরীক্ষা কমার পাশাপাশি শনাক্তের সংখ্যাও কিছুটা কমেছে। শনাক্তের হারও কমেছে।

গত ২৪ ঘণ্টায় বিভাগে ২ হাজার ২২৫ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৫৫৩ জনের। শনাক্তের হার ২৪ দশমিক ৮৫।

২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে পাবনায় সর্বোচ্চ ১৬২ জন, রাজশাহীতে ১৩৬, সিরাজগঞ্জে ৮৯, বগুড়ায় ৬৭, নাটোরে ৩২, চাঁপাইনবাবগঞ্জে ৩১, নওগাঁয় ২৩ এবং জয়পুরহাটে ১৩ জন রয়েছেন।

করোনা মহামারি শুরুর পর থেকে এ নিয়ে বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ১৫ হাজার ৬৬৫ জন। বিভাগে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ২ হাজার ৬৩১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ জন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ১২১ জন। অন্যরা বাড়িতে থেকে চিকিৎসা নিয়েছেন।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার বলেন, বিভাগে করোনা সংক্রমণ কমছে। তবে করোনায় কয়েক দিন ধরে মৃত্যু একটু বেশি হচ্ছে। আশা করা যাচ্ছে, খুব শিগগির সংক্রমণ ও মৃত্যু আরও কমে আসবে। এ জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।