রাজশাহী বিভাগে করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্তের হার কমছে
রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪৮১ জনের। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৬ দশমিক ৬৮। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা যায়।
রাজশাহী বিভাগের আগের ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছিল। গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মারা যাওয়া চারজনের মধ্যে দুজনের বাড়ি বগুড়ায় এবং অন্যরা রাজশাহী ও নওগাঁর বাসিন্দা। নতুন চার মৃত্যু নিয়ে বিভাগে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭২৯।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষা বেড়েছে। আগের ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছিল ২ হাজার ৩০১ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয় ৫১৩ জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত ছিল ২২ দশমিক ২৯ শতাংশ। অর্থাৎ ২৪ ঘণ্টা ব্যবধানে বিভাগে নমুনা পরীক্ষা বাড়লেও করোনা শনাক্তের সংখ্যা কমেছে। শনাক্ত কমেছে উল্লেখযোগ্য হারে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৮১ জনের মধ্যে পাবনায় সর্বোচ্চ ১৬২, সিরাজগঞ্জে ৮৬, নাটোরে ৭৩, রাজশাহীতে ৭১, বগুড়ায় ৩৪, জয়পুরহাটে ২৮, নওগাঁয় ১৫ ও চাঁপাইনবাবগঞ্জে ১২ জন।
বিভাগের ৮ জেলার মধ্যে রাজশাহীতে শনাক্ত ২২ দশমিক শূন্য ৪ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জে ১৬ দশমিক ৬৬ শতাংশ, নাটোরে ৩১ দশমিক ১৯ শতাংশ, নওগাঁয় ১৩ দশমিক ৩৯ শতাংশ, পাবনায় ১১ দশমিক ৪৬ শতাংশ, সিরাজগঞ্জে ৩১ দশমিক ১৫ শতাংশ, বগুড়ায় ১৩ দশমিক ২২ শতাংশ ও জয়পুরহাটে ১৪ দশমিক ২১ শতাংশ।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার বলেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে করোনার সংক্রমণ অনেক কমেছে। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বিভাগে করোনার সংক্রমণ বেড়ে গিয়েছিল। এক সপ্তাহ ধরে তা কমছে। তবে বিভাগে মৃত্যু শূন্য হচ্ছে না।