রাজশাহী বিভাগে টানা তৃতীয় দিনের মতো করোনায় মৃত্যু নেই
রাজশাহী বিভাগে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) ৩৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ১ হাজার ১২৭টি নমুনা পরীক্ষা করে এই ফল পাওয়া গেছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩ দশমিক ১০।
এদিকে এই ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। চলতি বছর ২৬ মের পর সেপ্টেম্বর মাসে ছয় দিন করোনায় মৃত্যুহীন থাকল। এর মধ্যে শেষ তিন দিন টানা মৃত্যুহীন থাকল। করোনায় বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৬৬০ জন।
আজ সোমবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
তবে শেষ ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত ৩৫ জনের মধ্যে নাটোরের ১০, বগুড়ার ৮, সিরাজগঞ্জের ৭, রাজশাহীর ৬, জয়পুরহাটের ৩ ও পাবনার একজন রয়েছেন। এদিন ২৪ ঘণ্টায় বিভাগের নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে কারও করোনা শনাক্ত হয়নি। নতুন সংক্রমিত ৩৫ জন নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ৯৩।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৭ জন। বিভাগে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৪ হাজার ৪৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ জন।
রামেক হাসপাতালে উপসর্গে ৪ জনের মৃত্যু
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গতকাল রোববার সকাল নয়টা থেকে আজ সোমবার সকাল নয়টা পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। উপসর্গে মারা যাওয়া চারজনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন ও রাজশাহীর একজন আছেন। এর আগের দিন উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছিল।
হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, আজ সকাল ৯টা পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডের ২৪০ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ১১৩ জন। গত ২৪ ঘণ্টায় হাসাপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৮ জন।