রাজশাহী বিভাগে টানা দুদিন মৃত্যু তিনজনে সীমিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
DIPU MALAKAR

রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা) করোনায় সংক্রমিত আরও তিনজনের মৃত্যু হয়েছে। আগের দিনও বিভাগে তিনজনের মৃত্যু হয়েছিল। ২৪ ঘণ্টায় মৃত্যুর এই সংখ্যা গত তিন মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে গত ২০ মে বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছিল। আর সর্বোচ্চ ২৪ জনের মৃত্যু হয় গত ৬ জুলাই। নতুন ৩ জন নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭৭।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে মোট ২ হাজার ২১২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২০৬ জনের। শনাক্তের হার ৯ দশমিক ৩১ শতাংশ। এ নিয়ে নিয়ে বিভাগে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৯৫ হাজার ছাড়িয়েছে। শুক্রবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিভাগে আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৮১৯ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ১৫৯ জনের। শনাক্তের হার ছিল ৮ দশমিক ৭৪ শতাংশ। অর্থাৎ বিভাগে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বেড়েছে। শনাক্তের সংখ্যা ও হার কিছুটা বেড়েছে।

নতুন শনাক্ত ২০৬ জনের মধ্যে সর্বোচ্চ ৫৩ জন রাজশাহীর। এ ছাড়া নাটোরে ৪৭ জন, পাবনায় ৩৬ জন, সিরাজগঞ্জে ২৪ জন, বগুড়ায় ২১ জন, জয়পুরহাটে ১১ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ৭ ও নওগাঁয় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ১ জনে। বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ১২ এপ্রিল রাজশাহীতে।

বিভাগে করোনায় নতুন যে তিনজনের মৃত্যু হয়েছে, তার মধ্যে দুজন বগুড়ার ও অপরজন নওগাঁ জেলার বাসিন্দা। বিভাগের আট জেলায় এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া মোট ১ হাজার ৫৭৭ জনের মধ্যে সর্বোচ্চ ৬৫৫ জন বগুড়ার। এ ছাড়া রাজশাহী জেলায় ২৯০ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪৮ জন, নওগাঁয় ১৩৫ জন, নাটোরে ১৬৩ জন, সিরাজগঞ্জে ৯২ জন, জয়পুরহাটে ৫৪ জন ও পাবনায় ৪০ জনের মৃত্যু হয়েছে করোনায়। গত বছরের ২৬ এপ্রিল রাজশাহী বিভাগে প্রথম করোনায় মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪০৮ জন। আগের দিন সুস্থ হয়েছিলেন ৬৭১ জন। বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৭ হাজার ৪২১ জন। বিভাগে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৬৫ জন করোনা রোগী। হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ১৪ হাজার ৮১০ জন।