রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় সংক্রমিত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ৮০০ ছুঁয়েছে। চলতি মাসের ২৫ দিনেই মারা গেছেন ২৪২ জন। ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে বিভাগের আরও ৮৭১ জনের।
আজ দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে রাজশাহী জেলারই ৭ জন। এটিই জেলায় এক দিনে সর্বোচ্চ মৃত্যু। এর আগের দিন এ জেলায় পাঁচজনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া বগুড়ায় তিনজন, নওগাঁয় দুজন এবং চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটে একজন করে মারা গেছেন। বিভাগে এ পর্যন্ত মারা যাওয়া ৮০০ জনের মধ্যে সর্বোচ্চ ৩৬৬ জনের মৃত্যু হয়েছে বগুড়া জেলায়। দ্বিতীয় সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়েছে রাজশাহী জেলায়। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৯৮, নওগাঁয় ৭২, নাটোরে ৪৫, জয়পুরহাটে ২৪, সিরাজগঞ্জে ২৯ ও পাবনায় ২৩ জনের মৃত্যু হয়েছে। বিভাগের প্রথম করোনা রোগীর মৃত্যু হয় গত বছরের ২৬ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।
গত ২৪ ঘণ্টায় বিভাগে নমুনা পরীক্ষার সংখ্যা কমেছে। ৪ হাজার ৩৯২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৮৭১ জনের। শনাক্তের হার ১৯ দশমিক ৮৩ শতাংশ। আগের দিন ৫ হাজার ৮৬৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১ হাজার ১৮ জনের। শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৩৫ শতাংশ। অর্থাৎ ২৪ ঘণ্টায় বিভাগে নমুনা পরীক্ষা ও শনাক্ত রোগীর সংখ্যা কমলেও শনাক্তের হার বেড়েছে। নতুন শনাক্ত ৮৭১ জন নিয়ে বিভাগে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৫১ হাজার ৫৫৫। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ২৯৯ জন রাজশাহী জেলার। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৬৩, নওগাঁয় ১২৫, নাটোরে ৭৮, জয়পুরহাটে ৬১, বগুড়ায় ১২৪, সিরাজগঞ্জে ৪৫ ও পাবনায় ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ১২ এপ্রিল। এরপর গত বছরের ২৯ জুন শনাক্ত রোগীর সংখ্যা পাঁচ হাজার ছাড়ায়। এভাবে শনাক্ত রোগীর সংখ্যা ২০ জুলাই ১০ হাজার, ৪ আগস্ট ১৫ হাজার, ৩০ সেপ্টেম্বর ২০ হাজার, চলতি বছরের ২০ জানুয়ারি ২৫ হাজার, ১৯ এপ্রিল ৩০ হাজার, ৩০ মে ৩৫ হাজার, ৯ জুন ৪০ হাজার, ১৭ জুন ৪৫ হাজার ছাড়ায়। এর মধ্যে চলতি মাসের প্রথম ২৫ দিনেই ১৬ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছেন।
২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩১৬ জন। এ নিয়ে বিভাগে মোট সুস্থ হলেন ৩৬ হাজার ৯৯৪ জন। বর্তমানে বিভাগের ৮ জেলায় হাসপাতালে চিকিৎসাধীন ৫ হাজার ৩০৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৮০ জন। বিভাগে হাসপাতালের বাইরে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ৯ হাজার ২৫৩ জন।