রাজশাহী বিভাগে শেষ ১০ দিনে সংক্রমিত দেড় হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহী বিভাগের ৮ জেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে গেছে। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। সব মিলিয়ে বিভাগে এখন শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৩ হাজার ১২২ জন। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক গোপেন্দ্র নাথ আচার্য্য আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজশাহী স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এই বিভাগে রাজশাহী জেলার পুঠিয়ায় প্রথম কোভিড আক্রান্ত ব্যক্তি শনাক্ত হন গত ১২ এপ্রিল। ২ জুন বিভাগটিতে প্রথম ১ হাজার রোগী শনাক্ত হয় ৫১তম দিনে। দেড় হাজার রোগীর সংখ্যা ছাড়ায় ৭ জুন। ২ হাজার রোগীর সংখ্যা ছাড়ায় ১১ জুন ৬০তম দিনে। আড়াই হাজার পার হয় ৬৩তম দিনে। আর ৩ হাজার ছাড়াল গতকাল বুধবার ৬৬তম দিনে। অর্থাৎ শেষ দেড় হাজার রোগী শনাক্ত হয়ে গত ১০ দিনে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক গোপেন্দ্র নাথ আচার্য্য জানান, বিভাগের ৮ জেলায় এখন মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১২২ জন। এর মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৮২২ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এ ছাড়া রাজশাহীতে ১৭৬, জয়পুরহাটে ২৩৮, নওগাঁয় ২২১, সিরাজগঞ্জে ২৩৮, পাবনায় ২৪৭ জন, নাটোরে ৯৬ জন ও চাঁপাইনবাবগঞ্জে ৮৬ জন আক্রান্ত হয়েছেন। বিভাগে গতকাল বুধবার পর্যন্ত ৩৯ জন কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে ২৩ জনই বগুড়ার। এ ছাড়া পাবনায় ৫, নাটোরে ১, নওগাঁয় ৪ এবং রাজশাহী ও সিরাজগঞ্জে ৩ জন করে মারা গেছেন।

গোপেন্দ্র নাথ আচার্য্য জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত কোভিড থেকে সুস্থ হয়েছেন ৬৬১ জন। এর মধ্যে নওগাঁর ১৬০ জন, জয়পুরহাটের ১৩৬ জন, বগুড়ার ১৭৩ জন, নাটোরের ৫১ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪৭ জন, রাজশাহীর ৫২ জন, সিরাজগঞ্জের ১৭ জন ও পাবনার ২৫ জন রয়েছেন।