রাজশাহী বিভাগে সংক্রমণের হার বেড়ে ৩৯ শতাংশ
রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩০ জনের নমুনা পরীক্ষায় ৭৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার বেড়ে হয়েছে ৩৯ দশমিক ৩১ শতাংশ। তবে টানা পাঁচ দিন ধরে বিভাগে করোনা সংক্রমণের কারও মৃত্যু হয়নি। আজ সোমবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত নতুন সংক্রমিত ৭৯৮ জনের মধ্যে রাজশাহী জেলায় ২৩৮, বগুড়ায় ১৬৮, পাবনায় ১৪১, সিরাজগঞ্জে ৯৬, নওগাঁয় ৭৯, জয়পুরহাটে ৩৪, নাটোরে ২৮ ও চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন আছেন। এর আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৫২৮ জনের নমুনা পরীক্ষায় ৫২৫ জনের করোনা শনাক্ত হয়। সংক্রমণের হার ছিল ৩৪ দশমিক ৩৬ শতাংশ। আর গত শনিবার সংক্রমণের হার ছিল ৩৬ দশমিক ৩০ শতাংশ।
রাজশাহী বিভাগে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ১২ এপ্রিল। এখন পর্যন্ত বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ৩ হাজার ৫৭৬ জন। করোনায় মারা গেছেন ১ হাজার ৬৯৫ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৭ হাজার ২৩০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন।
আজ রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার বলেন, আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষা বেড়েছে। চলতি বছরের মধ্যে এটি এক দিনে সর্বোচ্চ করোনা শনাক্ত।