রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আরও ১২ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

রাজশাহী বিভাগে গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৮৭ জনের। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় মারা গেছেন ১৬ জন। আজ সোমবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪৮৭ জনের নমুনা পরীক্ষায় ৮৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ৭৬ শতাংশ। আগের ২৪ ঘণ্টায় বিভাগে ৫ হাজার ২৭ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৪১ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২০ দশমিক ৭১ শতাংশ। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় বিভাগে নমুনা পরীক্ষা কমেছে। একই সঙ্গে শনাক্ত ও শনাক্তের হারও কমেছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৭৫ হাজার ৮৮।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) নাজমা আক্তার প্রথম আলোকে বলেন, বিভাগে করোনার সংক্রমণ ধীরে ধীরে কমছে। সেই সঙ্গে সুস্থ হওয়ার হারও বাড়ছে। তবে সামনের ঈদ উপলক্ষে মানুষ যেভাবে চলাচল করছে, তাতে করোনার সংক্রমণ কমার হার ধরে রাখা কঠিন হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা ১২ জনের মধ্যে বগুড়া জেলার ৭ জন, রাজশাহীর ২, নওগাঁ, সিরাজগঞ্জ ও পাবনায় ১ জন করে রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৭৪।

কয়েক মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ সুস্থ

রাজশাহী বিভাগে গত ঈদের পর থেকে করোনা রোগীর সংখ্যা বাড়ছিল। জুন মাসে বিভাগের কয়েকটি জেলায় আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। জুলাই মাসেও এটি অব্যাহত আছে। এ সময়ে শনাক্তের তুলনায় সুস্থ হওয়ার হার ছিল খুব কম। গত ঈদের পর এই প্রথম শনাক্তের তুলনায় সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা বেড়েছে।

বিভাগে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫ জন। আগের দিন সুস্থ হয়েছিলেন ৫৪৮ জন। নতুন ১ হাজার ৪৫ জন নিয়ে বিভাগে মোট সুস্থ হয়েছেন ৫১ হাজার ৩০ জন। বর্তমানে বিভাগের ৮ জেলায় হাসপাতালে চিকিৎসাধীন ১০ হাজার ৪২ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৮ জন। বিভাগে হাসপাতালের বাইরে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১৪ হাজার ১৬ জন।