রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্তের হার কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
ফাইল ছবি

রাজশাহী বিভাগে গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। গত তিন মাসের মধ্যে বিভাগে সবচেয়ে কম মৃত্যুর সংখ্যা এটি। এ নিয়ে বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৭৮। আগের ২৪ ঘণ্টায় করোনায় বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছিল।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে ৮৮৮ জনের নমুনা পরীক্ষায় ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৫৪। শনাক্তের এ হার তিন মাসের মধ্যে সবচেয়ে কম। আজ রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বিভাগে আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ২১২ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয় ২০৬ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৯ দশমিক ৩১। আগের ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু হলেও গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ জন। বিভাগে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা কমেছে অর্ধেকের বেশি। সেই সঙ্গে করোনায় মৃত্যু, শনাক্তের সংখ্যা ও হার কমেছে।

গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত ৬৭ জনের মধ্যে সিরাজগঞ্জে ২৭ জন, বগুড়ায় ১৮, রাজশাহীতে ১৩, পাবনায় ৭, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় ১ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৯৫ হাজার ৬৮। বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল গত বছরের ১২ এপ্রিল। বিভাগের ৮ জেলার মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ৬৫৬ জনের মৃত্যু হয়েছে করোনায়। দ্বিতীয় সর্বোচ্চ ২৯০ জনের মৃত্যু হয়েছে রাজশাহী জেলায়। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৪৮ জন, নওগাঁয় ১৩৫, নাটোরে ১৬৩, সিরাজগঞ্জে ৯২, জয়পুরহাটে ৫৪ ও পাবনায় ৪০ জনের মৃত্যু হয়েছে করোনায়।

গত বছরের ২৬ এপ্রিল রাজশাহী বিভাগে প্রথম করোনায় মৃত্যু হয়। এর মধ্যে গত বছর বিভাগে মোট ৩৬৬ জন মারা যান। আর চলতি বছরে এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ২১২ জন। এর মধ্যে জুনে ৩২৬ জন ও জুলাইয়ে ৪৪৪ জনের মৃত্যু হয়েছে করোনায়। চলতি আগস্টে এ পর্যন্ত মারা গেছেন ২৫৮ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২৯ জন। আগের দিন সুস্থ হন ৪০৮ জন। বিভাগে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৭ হাজার ৭৫০ জন। বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ জন। বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ১৪ হাজার ৮৬৪ জন।