রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কমেছে
রাজশাহী বিভাগে গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত করোনায় মৃত্যু কমেছে। আগের ২ দিন ৪ জন করে মৃত্যু হলেও গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ জন। মারা যাওয়া ব্যক্তির বাড়ি বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৭১৬।
গত ২৪ ঘণ্টায় বিভাগে চলতি বছরে সর্বোচ্চ ৩ হাজার ৯৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ৯৭৪ জনের দেহে, শনাক্তের হার ৩১ দশমিক ৪৫। আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ১৬৭ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৮৩৩ জনের দেহে। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ছিল ৩৮ দশমিক ৪৪।
আজ বিকেলে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলায় ৬২৩টি নমুনা পরীক্ষায় ২৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, সংক্রমণ ৩৮ দশমিক ৮৪। চাঁপাইনবাবগঞ্জে ১০৬ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে; সংক্রমণের হার ৩১ দশমিক ১৩। নাটোরে ১৮৩ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে; সংক্রমণ ৩৭ দশমিক ১৫ শতাংশ। নওগাঁয় ২৩৮ জনের নমুনা পরীক্ষায় ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে; সংক্রমণের হার ৩৬ দশমিক ১৩।
পাবনায় ১ হাজার ২৪৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত ৩৩২ জনের দেহে; সংক্রমণের হার ২৬ দশমিক ৬০। সিরাজগঞ্জে ১৯৯টি নমুনা পরীক্ষায় ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে; সংক্রমণের হার ৪৩ দশমিক ২১। বগুড়ায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৮২ জনের, করোনা শনাক্ত হয়েছে ৯১ জনের দেহে; সংক্রমণের হার ২৩ দশমিক ৮২। জয়পুরহাটে নমুনা পরীক্ষা করা হয়েছে ১১৭টি, করোনা পাওয়া গেছে ৩৬ জনের শরীরে; সংক্রমণের হার ৩০ দশমিক ৭৬।
রাজশাহী বিভাগে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ১২ এপ্রিল। এখন পর্যন্ত বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৭২২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ৩৫৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তির সংখ্যা ১৮ হাজার ৯৯৪।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার বলেন, বিভাগে গত দুই দিন চারজন করে করোনায় মারা গেছেন। আগের দুই দিনের তুলনায় মৃত্যু কমেছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় এ বছরের মধ্যে ১ দিনে সর্বাধিক নমুনা পরীক্ষা করানো হয়েছে।