রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
প্রতীকী ছবি

রাজশাহী বিভাগে গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছিল দুজনের। আজ রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৫৮৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫১ জনের। শনাক্তের হার ৮ দশমিক ৬৭। আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১২৭ জনের। শনাক্তের হার ছিল ৬ দশমিক ২১। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজনের বাড়ি বগুড়ায় এবং একজনের বাড়ি রাজশাহীতে। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৩৪। এদিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের মধ্যে নাটোরের দুজন, রাজশাহী ও নওগাঁর একজন করে আছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ১৭ জন শনাক্ত হয়েছে বগুড়ায়। এ ছাড়া রাজশাহীতে ১৫, সিরাজগঞ্জে ১৪, চাঁপাইনবাবগঞ্জে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগ বলছে, গতকাল শুক্রবার ছুটির দিন থাকায় বিভাগে কম নমুনা পরীক্ষা হয়েছে। এদিন বিভাগের নওগাঁ, নাটোর, জয়পুরহাট ও পাবনা জেলার নমুনা পরীক্ষাই হয়নি। নতুন সংক্রমিত ৫১ জন নিয়ে বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৯৭ হাজার ৭১।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানিয়েছেন, আজ শনিবার সকাল নয়টা পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডের ২৪০ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ১৫৫ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন, আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ জন।