রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ২৬৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

রাজশাহী বিভাগে গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি নাটোরের বাসিন্দা। আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় মারা গিয়েছিলেন চারজন। এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৩০।

গত ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৫৭৩ জনের নমুনা পরীক্ষা করে ২৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৯১। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ ৫৯, সিরাজগঞ্জে ৫৭, পাবনায় ৪২, নওগাঁয় ২৭, বগুড়ায় ২৬, নাটোরে ২১, চাঁপাইনবাবগঞ্জে ২০ এবং জয়পুরহাটে ১৪ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগী সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৯২৫।

গত ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৫৭৩ জনের নমুনা পরীক্ষা করে ২৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ শুক্রবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষা কম হয়েছে। আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছিল ৪৮১ জনের। শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৬৮। শেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা কমার পাশাপাশি শনাক্তের হারও কমেছে। তবে শনাক্তের হার সামান্য বেড়েছে।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার বলেন, আগের ২৪ ঘণ্টার চেয়ে বিভাগে মৃত্যু কমছে। শনাক্তের হার প্রায় আগের দিনের মতোই। আশা করা যাচ্ছে, দ্রুত করোনার সংক্রমণ কমে আসবে। এ জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।