রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৪০৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে আরও ১৩ জন মারা গেছেন
প্রতীকী ছবি

রাজশাহী বিভাগে গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে আরও ১৩ জন মারা গেছেন। এর আগের দিন আক্রান্তদের মধ্যে মারা যান ৫ জন। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৩২ জনের নমুনা পরীক্ষা করে ৪০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৪২ শতাংশ। এ নিয়ে বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ২৮৯। আজ শনিবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বৃদ্ধির সঙ্গে বেড়েছে শনাক্ত। তবে শনাক্তের হার কিছুটা কমেছে। আগের ২৪ ঘণ্টায় ৬৮৮ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছিলেন ২১৭ জন। শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৫৪ শতাংশ। সর্বশেষ শনাক্ত রোগীদের মধ্যে বগুড়া জেলায় সর্বোচ্চ ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া রাজশাহীতে শনাক্ত হয়েছেন ৯১ জন, সিরাজগঞ্জে ৮৪ জন, নওগাঁয় ১৯ জন, নাটোরে ৩৪ জন, জয়পুরহাটে ২৩ জন ও পাবনায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন চাঁপাইনবাবগঞ্জে কোনো নমুনা পরীক্ষা হয়নি।

২৪ ঘণ্টায় ১ হাজার ৪৩২ জনের নমুনা পরীক্ষা করে ৪০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৪২ শতাংশ।

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৩ জনের মধ্যে বগুড়ায় ৬ জন, রাজশাহী, নাটোর ও জয়পুরহাটের ২ জন করে ও সিরাজগঞ্জের ১ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২১৫। এর মধ্যে বগুড়া জেলায় সর্বোচ্চ ৫২১ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মারা গেছেন রাজশাহী জেলায় ২১৯ জন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে মারা গেছেন ১৩১ জন, নওগাঁয় ১১৪ জন, নাটোরে ১০১ জন, জয়পুরহাটে ৪৮ জন, সিরাজগঞ্জে ৪৯ জন ও পাবনায় ৩২ জনের মৃত্যু হয়েছে।

গত বছরের ২৬ এপ্রিল রাজশাহী বিভাগে প্রথম করোনা আক্রান্ত একজন মারা যান। গত বছর বিভাগে করোনায় মারা যান ৩৬৬ জন। চলতি বছর এখন পর্যন্ত মারা গেছেন ৮৪৯ জন। এর মধ্যে গেল জুন মাসেই মারা গেছেন ৩২৬ জন। আর জুলাই মাসে এ পর্যন্ত মারা গেছেন ৩৪২ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৭৭ জন। আগের দিন সুস্থ হয়েছিলেন ৪৪২ জন। এ নিয়ে বিভাগে মোট সুস্থ হয়েছেন ৫৩ হাজার ৮১৫ জন। বর্তমানে বিভাগের ৮ জেলায় হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১০ হাজার ৭৪৬। হাসপাতালের বাইরে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১২ হাজার ৭২৮ জন।