রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
ফাইল ছবি

রাজশাহী বিভাগে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬০৮। এর আগের ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে ৬ জনের মৃত্যু হয়েছিল। আজ বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বিভাগে করোনায় মারা যাওয়া ৩ জনের মধ্যে রাজশাহী, নাটোর ও বগুড়া জেলায় ১ জন করে আছেন। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩০৬ জনের নমুনা পরীক্ষায় ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০ দশমিক ১১। ২৪ আগস্ট থেকে বিভাগে করোনা শনাক্তের হার ১০ শতাংশের নিচে ছিল। এর মধ্যে ৩১ আগস্ট সাড়ে ৩ মাসের মধ্যে সবচেয়ে কম ৬ দশমিক শূন্য ১ শতাংশ ছিল। অর্থাৎ এক সপ্তাহ ব্যবধানে শনাক্তের হার ফের ১০ শতাংশে উঠে গেল।

২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত ১৩২ জনের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ ৩৯ জন, সিরাজগঞ্জে ২৮, নাটোরে ২৭, বগুড়ায় ২৫, পাবনায় ৭, জয়পুরহাট ও নওগাঁয় ৩ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। নতুন ১৩২ জন নিয়ে বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৯৫ হাজার ৮৩১। বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ১২ এপ্রিল রাজশাহীতে।

বিভাগে এখন পর্যন্ত করোনায় বগুড়ায় সর্বোচ্চ ৬৬৫ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ২৯৭ জনের মৃত্যু হয়েছে রাজশাহী জেলায়। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৪৮ জন, নওগাঁয় ১৩৮, নাটোরে ১৬৯, সিরাজগঞ্জে ৯৬, জয়পুরহাটে ৫৬ ও পাবনায় করোনা সংক্রমণে ৪০ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬৮ জন। আগের দিন সুস্থ হয়েছিলেন ৪২২ জন। বিভাগে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৯ হাজার ৬৫৬ জন। বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ জন।