রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৮৯
রাজশাহী বিভাগে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৮৯ জনের। আগের দিন করোনায় মৃত্যু হয়েছিল নয়জনের। আজ বুধবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৬ জনের মধ্যে বগুড়ার ২, নওগাঁ, নাটোর, জয়পুরহাট ও সিরাজগঞ্জে ১ জন করে আছেন। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬০৫। গত ২৪ ঘণ্টায় বিভাগে ২ হাজার ৫৫৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৮৯ জনের। শনাক্তের হার ৭ দশমিক ৩৯। নতুন সংক্রমিত ১৮৯ জনের মধ্যে নাটোরে ৪৮, রাজশাহীতে ৪৬, পাবনায় ৩২, সিরাজগঞ্জে ২৫, বগুড়ায় ২৪, চাঁপাইনবাবগঞ্জে ৮, জয়পুরহাটে ৬ জন আছেন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯৫ হাজার ৬৯৯। আগের ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৪৬২ জনের নমুনা পরীক্ষার ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ছিল ৬ দশমিক শূন্য ১।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, বিভাগের ৮ জেলার মধ্যে করোনায় আক্রান্ত হয়ে বগুড়ায় সর্বোচ্চ ৬৬৪ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ২৯৬ জনের মৃত্যু হয়েছে রাজশাহী জেলায়। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের ১৪৮, নওগাঁর ১৩৮, নাটোরের ১৬৮, সিরাজগঞ্জের ৯৫, জয়পুরহাটের ৫৬ ও পাবনার ৪০ জন করোনায় মারা গেছেন।
গত বছরের ২৬ এপ্রিল রাজশাহী বিভাগে প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে। গত বছর বিভাগে করোনায় মারা যান ৩৬৬ জন। চলতি বছরে এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ২৩৯ জন। এর মধ্যে জুন মাসে ৩২৬ ও জুলাইয়ে মারা গেছেন ৪৪৪ জন। আর আগস্ট মাসে মারা গেছেন ২৯৯ জন।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৪২২ জন। আগের দিন সুস্থ হন ৩২৭ জন। বিভাগে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮৯ হাজার ২৮৯ জন। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৬০ জন।