রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় শনাক্ত কম, করোনায় আটজনের মৃত্যু
রাজশাহী বিভাগে গতকাল শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৪০ জনের। এটি গত তিন মাসের মধ্যে এক দিনে সবচেয়ে কম শনাক্ত। একই সময়ে করোনায় মারা গেছেন আরও আটজন। শনিবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগে নমুনা পরীক্ষা হয়েছে ১ হাজার ১০ জনের। নমুনা পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ৯ দশমিক ৯৩ শতাংশ। বিভাগে করোনা শনাক্তের হারও গত মে মাসের পর এই প্রথম ১০ শতাংশের নিচে নেমে এল। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ ৬২ জন, বগুড়ায় ৫০ জন, সিরাজগঞ্জে ১৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ১১ জন, পাবনায় ২ জন রয়েছেন। শুক্রবার থাকায় বিভাগের অনেক জেলাতে করোনা পরীক্ষা হয়নি। আবার অনেক জেলাতে পরীক্ষা কম হয়েছে।
তিন জেলায় নমুনা পরীক্ষা হয়নি
গত ২৪ ঘণ্টায় বিভাগের তিন জেলা নাটোর, নওগাঁ ও জয়পুরহাটে নমুনা পরীক্ষা হয়নি। এ কারণে এসব জেলায় কারও শনাক্ত হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, বিভাগে আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৪১ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয়েছিল ৩২৮ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১২ দশমিক ৪১ শতাংশ। এরও আগের দিনে ৫ জন করোনায় মারা গেলেও গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮ জন। অর্থাৎ বিভাগে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা কমেছে। একই সঙ্গে বিভাগে করোনা শনাক্তের হার ও শনাক্ত সংখ্যা কমেছে। তবে আগের দিনের তুলনায় বিভাগে মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টার আটজনকে নিয়ে বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৩০।
বিভাগে আট জেলায় সবমিলিয়ে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ৬৩৯ জন রয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৮২ জনের মৃত্যু হয়েছে রাজশাহী জেলায়। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৪৫ জন, নওগাঁয় ১৩১ জন, নাটোরে ১৫৪ জন, সিরাজগঞ্জে ৮৫ জন, জয়পুরহাটে ৫৪ জন ও পাবনায় ৪০ জনের মৃত্যু হয়েছে করোনায়।
গত বছরের ২৬ এপ্রিল রাজশাহী বিভাগে প্রথম করোনায় মৃত্যু হয়। এর মধ্যে গত বছর বিভাগে মোট ৩৬৬ জন মারা যান। চলতি বছরে এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ১৬৪ জন। এর মধ্যে জুন মাসেই ৩২৬ জন মারা গেছেন। মাসভিত্তিক হিসাবে জুলাই মাসে সর্বোচ্চ ৪৪৪ জন মারা গেছেন। আগস্ট মাসে এ পর্যন্ত মারা গেলেন ২১০ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ১ হাজার ২৫৭ জন। আগের দিন সুস্থ হয়েছিলেন ১ হাজার ৩৯৩ জন। বিভাগে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৩ হাজার ১২৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮ জন। হাসপাতালে ভর্তি আছেন ১৪ হাজার ৩৯৯ জন।