রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় সংক্রমণ ৪৪ শতাংশ, জেলায় ৬৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৯৪ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রমণের হার ৪৩ দশমিক ৬২। একই সময়ে রাজশাহী জেলায় ৬৪৭ জনের নমুনা পরীক্ষায় ৪৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ ৬৭ দশমিক ৩৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণে চাঁপাইনবাবগঞ্জে একজনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে করোনার নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা বেড়েছে। বিভাগের আট জেলাতেই ছড়িয়ে পড়েছে করোনার সংক্রমণ। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে রাজশাহী জেলায়। এ জেলায় সর্বোচ্চ করোনা সংক্রমণের হার ৬৭ দশমিক ৩৯। চাঁপাইনবাবগঞ্জে ৯৪ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে; সংক্রমণের হার ৪৬ দশমিক ৮০। নাটোরে ৮৬ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে; সংক্রমণ ৫০ শতাংশ। নওগাঁয় ১৬১ জনের নমুনা পরীক্ষায় ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে; সংক্রমণের হার ৩৭ দশমিক ৮৮। পাবনায় ৭৬০ নমুনা পরীক্ষায় ২০৭ জনের করোনা শনাক্ত হয়েছে; সংক্রমণের হার ২৭ দশমিক ২৩। সিরাজগঞ্জে ২১৯ জনের নমুনা পরীক্ষায় ৮৬ জনের করোনা শনাক্ত; সংক্রমণের হার ৩৯ দশমিক ২৬। বগুড়ায় ৪৩২ জনের নমুনা পরীক্ষায় ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে; সংক্রমণের হার ৪০ দশমিক ৯৭। জয়পুরহাটে ৯৫ জনের নমুনায় পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে; সংক্রমণের হার ৩৫ দশমিক ৭৯।

রাজশাহী বিভাগে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ১২ এপ্রিল। এখন পর্যন্ত বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ৫ হাজার ৫৪৬। বিভাগে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৭ হাজার ৪৬১ জন। করোনায় মারা গেছেন ১ হাজার ৬৯৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ জন।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার বলেন, বিভাগে করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। কয়েক মাস পর আবার বিভাগে এক দিনে করোনা শনাক্ত হাজার ছাড়াল। রাজশাহী জেলায় সংক্রমণের হার সর্বোচ্চ।