রাজশাহী বিভাগে ২৮ শতাংশের বেশি রোগী শনাক্ত, রেড জোনে ২ জেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

রাজশাহী বিভাগে করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। ইতিমধ্যে বিভাগের রাজশাহী ও বগুড়া জেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ (রেড জোন) হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহী জেলায় ১০ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৭৮ ও বগুড়ায় ১১ দশমিক ৮৪। এ ছাড়া নওগাঁ, নাটোর, জয়পুরহাট ও সিরাজগঞ্জ জেলাকে মধ্যম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এদিকে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে জানা গেছে, বিভাগে গতকাল মঙ্গলবার থেকে আজ সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৮৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২৮ দশমিক শূন্য ৪। এটি মহামারি শুরুর পর বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ শনাক্তের হার। এর আগে গত বছরের জুলাইয়ে ৩০ শতাংশের বেশি শনাক্ত হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় জয়পুরহাটে করোনায় একজন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় নমুনা পরীক্ষা আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। ১ হাজার ২০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ৮৮৮ জনের নমুনা পরীক্ষায় ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত ২৮৬ জনের মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ৯৪ জন, রাজশাহীতে ৬৭, সিরাজগঞ্জে ৩২, নওগাঁয় ২৯, নাটোরে ২০, পাবনায় ১৮, জয়পুরহাটে ১৭ ও চাঁপাইনবাবগঞ্জে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
মহামারি শুরুর পর থেকে বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ১ হাজার ১৫১ জন। এখন পর্যন্ত ৯৬ হাজার ৭৩৭ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ১ হাজার ৬৯৫ জন।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও করোনা রোগী বাড়ছে। আজ সকাল ৯টার দিকে হাসপাতালের দেওয়া তথ্য অনুযায়ী, ১০৪ শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪৩ জন। এর মধ্যে ২৭ জনই রাজশাহী জেলার। গতকাল রাতে করোনায় আর উপসর্গে দুজন মারা গেছেন।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার বলেন, বিভাগের প্রায় সব জেলায় উদ্বেগজনক হারে করোনা সংক্রমণ বাড়ছে। তবে রাজশাহী ও বগুড়া জেলায় ভয়ংকর রূপ নিয়েছে। শনাক্তের হারও গত বছরের জুন-জুলাইয়ের মতো। হাসপাতালেও রোগী বাড়ছে। এটা খুবই উদ্বেগের বিষয়।