রাজশাহী বিভাগে ৭৬৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১১
রাজশাহী বিভাগে গতকাল সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন আরও ১১ জন। আজ মঙ্গলবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৩ হাজার ৯১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ৭৬৩ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৯ দশমিক ৪৯ শতাংশ। আগের দিন ৩ হাজার ৩০৪ জনের নমুনা পরীক্ষায় ৭৯৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২৪ দশমিক ১৮ শতাংশ। রাজশাহী বিভাগের নমুনা পরীক্ষাগুলো আরটি-পিসিআর, র্যাপিড অ্যান্টিজেন ও জিন এক্সপার্ট—এই তিন পদ্ধতিতে করা হয়েছে। অর্থাৎ, গত ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত রোগী শনাক্তের সংখ্যার পাশাপাশি শনাক্তের হারও কমেছে।
বিভাগের আট জেলায় নতুন ৭৬৩ জন নিয়ে মোট করোনার রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ৮১৯। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ২৪ ঘণ্টায় রাজশাহীতে শনাক্ত হয়েছে সর্বোচ্চ ৩২৬ জন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৫৩, নওগাঁয় ৬৭, নাটোরে ৭০, জয়পুরহাটে ১১০, বগুড়ায় ৩৬, সিরাজগঞ্জে ৩৬ ও পাবনায় ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
প্রতিবেদনের সরকারি হিসাবমতে, রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। আগের দিন মারা গিয়েছিলেন ১৩ জন। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫০। ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জে চারজন, বগুড়ার তিনজন, রাজশাহীতে দুজন, নাটোর ও জয়পুরহাটের একজন করে মারা গেছেন। মোট মৃত্যুর মধ্যে এখন পর্যন্ত বিভাগের বগুড়া জেলায় সর্বোচ্চ ৩৫১ জন মারা গেছেন। এ ছাড়া রাজশাহী জেলায় ১২৬, চাঁপাইনবাবগঞ্জে ৯৫, নওগাঁয় ৬৪, নাটোরে ৪৩, জয়পুরহাটে ২১, সিরাজগঞ্জে ২৮ ও পাবনায় ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুন মাসের ২২ দিনে মারা গেছেন ১৯২ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগের আগের দিনের তুলনায় সুস্থ হয়েছেন কম রোগী। ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ২৫৯ জন। আগের দিন সুস্থ হয়েছিলেন ২৬৬ জন। এ নিয়ে বিভাগে মোট সুস্থ হলেন ৩৫ হাজার ৮৩৫ জন। বর্তমানে বিভাগের ৮ জেলায় হাসপাতালে চিকিৎসাধীন ৪ হাজার ৮২২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬০ জন। হাসপাতালের বাইরে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ৮ হাজার ১৬২ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার জানিয়েছে, বিভাগে গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় শনাক্ত ও হার কিছুটা কমেছে। সঙ্গে এ দিন মৃত্যুও কমেছে।