রাজশাহী বোর্ডে পাসের হার বেড়েছে, এগিয়ে মেয়েরাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। ফল পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। রাজশাহী বালিকা উচ্চবিদ্যালয়ে
ছবি: প্রথম আলো

রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় এবারও মেয়েরাই এগিয়ে রয়েছে। জিপিএ-৫ প্রাপ্তি ও পাসের হার—উভয় ক্ষেত্রেই ছেলেদের ছাড়িয়ে গেছে মেয়েরা। গত তিন বছর ফলাফলের এই ধারাবাহিকতা ধরে রেখেছে তারা। এবার রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৭১, আর মেয়েদের পাসের হার ৯৫ দশমিক ৪৬। ছেলেদের চেয়ে জিপিএ-৫ বেশি পেয়েছে ১ হাজার ৭৬৯ জন মেয়ে। গতবার এ বোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ৩৭।

রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থী ছিল ২ লাখ ৮ হাজার ৭৯৭ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ২ হাজার ৪৮৩ জন। মেয়েরা পরীক্ষায় উপস্থিত ছিল ৯৭ হাজার ৪৮৪ জন এবং ছেলেরা ১ লাখ ৮ হাজার ৮৩০ জন। মেয়েদের পাসের হার দাঁড়িয়েছে ৯৫ দশমিক ৪৬ আর ছেলেদের হার ৯৪ দশমিক ০৪।

জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৭০৯ জন। এর মধ্যে মেয়ে ১৪ হাজার ৭৩৯ জন আর ছেলে ১২ হাজার ৯৭০ জন। ২০২০ সালে ছেলেদের চেয়ে ১ হাজার ৭৫ জন মেয়ে জিপিএ-৫ বেশি পেয়েছিল। মেয়েদের পাসের হার বেশি ছিল ২ দশমিক ০৮। ২০১৯ সালেও ছেলেদের চেয়ে ৫৭৭ জন মেয়ে জিপিএ-৫ বেশি পেয়েছিল। ২০১৮ সালে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ছেলেরা বেশি ছিল কিন্তু তখনো পাসের হারে মেয়েরা এগিয়েছিল।

রাজশাহী শিক্ষা বোর্ডে এবার অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা গতবারের দ্বিগুণেরও বেশি। গত বছর অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৪৪ আর এবার ২ হাজার ৪৮৩ জন। এর মধ্যে মেয়েদের অনুপস্থিতি ছেলেদের দ্বিগুণ। ১ হাজার ৭৬৪ জন মেয়ে পরীক্ষায় অনুপস্থিত ছিল আর ছেলে অনুপস্থিত ছিল ৭১৯ জন।

পরীক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, কোভিড-১৯ পরিস্থিতির কারণেই এমনটি হয়েছে বলে তাঁরা ধারণা করছেন। এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো জরিপের তথ্য নেই।

এবার কলেজশিক্ষক সামছুল হকের ছেলে মোহাম্মদ রাগীব রাহাত রাজশাহী নগরের শিরোইল সরকারি উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে পাস করেছে। ফলাফলে মেয়েদের এগিয়ে যাওয়ার ব্যাপারে সামছুল হক বলেন, ছেলেদের চেয়ে মেয়েরা ঘরে বেশি থাকে। এ জন্য মেয়েরা ভালো করছে বলে তাঁর ধারণা।