রাজশাহী মহানগর বিএনপির কমিটি নিয়ে ক্ষোভ, গণপদত্যাগের হুমকি
রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির একাংশের নেতা–কর্মীরা। কমিটিতে নিষ্ক্রিয়, আওয়ামী লীগঘেঁষা ব্যক্তিরা পদ পেয়েছেন বলে অভিযোগ করেছেন তাঁরা। অবিলম্বে কমিটি বাতিল ঘোষণা না করলে গণপদত্যাগের হুমকি দিয়েছেন তাঁরা। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের শাহমখদুম থানা বিএনপির কার্যালয়ে ‘নগরের সকল থানা বিএনপি’ ব্যানারে সংবাদ সম্মেলনে তাঁরা এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে থানা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার বিকেলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এরশাদ আলীকে আহ্বায়ক করে ৯ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে রাজশাহী মহানগর বিএনপির সদস্যসচিব হয়েছেন মামুনুর রশিদ। এ ছাড়া সাতজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়। তাঁরা হলেন নজরুল হুদা, দেলোয়ার হোসেন, মো. ওয়ালিউল হক, আসলাম সরকার, শফিকুল ইসলাম, বজলুর রহমান ও জয়নাল আবেদিন।
আজ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান। তিনি জানান, দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার যখন দিন দিন অবনতি হচ্ছে, ঠিক তখনই রাজশাহী মহানগর বিএনপির ৯ সদস্যবিশিষ্ট অচল কমিটি গঠিত হলো। যাঁরা কর্মী বিচ্ছিন্ন, দীর্ঘদিন কর্মসূচি বিমুখ, আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারী বিতর্কিত ব্যক্তিবর্গ, তাঁদের নিয়েই এ কমিটি গঠন করা হয়েছে। দ্রুততম সময়ে রাজশাহী মহানগর বিএনপির বিতর্কিত কমিটি বাতিল করতে হবে এবং একই সঙ্গে বিএনপির দলীয় বৃহত্তর স্বার্থে নিষ্ক্রিয়, আওয়ামী লীগ এজেন্টদের বাদ দিয়ে ত্যাগী জনপ্রিয় পরীক্ষিত নেতাদের দিয়ে নতুন মহানগর কমিটি গঠন করতে হবে। অন্যথায় তাঁরা সব থানা ও ওয়ার্ডের নেতারা গণপদত্যাগ করতে বাধ্য হবেন।
সাইদুর রহমান আরও জানান, কমিটির আহ্বায়ক করা হয়েছে এরশাদ আলীকে। তিনি ২২ বছর ধরে বিএনপির কোনো কর্মসূচিতে নেই। তিনি খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে করা আন্দোলনেও কোনো দিন ছিলেন না। সদস্যসচিব মামুনুর রশিদ আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করেন। তিনি গত সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়েছেন।
এসব অভিযোগের বিষয়ে এরশাদ আলী জানান, তাঁরা গতকাল শনিবার রাতে মহানগরের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন। সুতরাং তাঁরা এখন কোনো পদে নেই। তাই তাঁরা কীভাবে পদত্যাগ করবেন? তাঁরা থানা কমিটির ব্যানারে কিছুই করতে পারেন না। তাঁদের বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে তারেক রহমানের বিরুদ্ধে বিদ্রোহ করা।
এরশাদ আলী আরও জানান, তিনিসহ নতুন কমিটির কেউই নিষ্ক্রিয় নন। অনেক দিন পর হঠাৎ কমিটি দেখে তাঁরা হয়তো এ রকম করছেন, এটা ঠিক হয়ে যাবে। কারণ, তাঁরা তো কোনো দায়দায়িত্বে থাকবেন না। এমনকি সভাপতি বা সাধারণ সম্পাদকও হবেন না। একটা সম্মেলন করে গণতান্ত্রিক উপায়ে কমিটি করে তাঁরা পদ ছেড়ে দেবেন। কিন্তু তারপরও এটা কেন তাঁরা করছেন, তিনি বুঝতে পারছেন না।