রাজশাহী মেডিকেলে আরও ১০ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় তিনজন, করোনা নেগেটিভ হওয়ার পর তিনজন এবং উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত সময়ে তাঁদের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রাজশাহী, নওগাঁ ও পাবনার একজন করে আছেন। এর আগের দিন করোনা ওয়ার্ডে ২১ জনের মৃত্যু হয়েছিল।

টানা দুই মাস পর এই হাসপাতালে করোনা ওয়ার্ডে মৃত্যু ১০-এ নামল। গত ১৩ জুন থেকে এ পর্যন্ত প্রায় প্রতিদিনই হাসপাতালে মৃত্যুর সংখ্যা ১০ থেকে ২৫–এর মধ্যে ওঠানামা করছে। এর মধ্যে ২৯ জুন ও ১৪ জুলাই ২৫ জন করে মারা গেছেন। আগস্টে এখন পর্যন্ত ১৬১ জনের মৃত্যু হয়েছে। জুলাইয়ে মারা গেছেন ৫৩৫ জন। জুনে ৩৪৬ জন মারা গেছেন।

এদিকে জেলার সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ৮৪১ জনের নমুনা পরীক্ষায় ১৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৭ দশমিক ২৪। আগের দিনে এই হার ছিল ১৬ দশমিক ১৬।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে নতুন করে ২৯ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৩৭ জন। হাসপাতালে বর্তমানে ৫১৩ শয্যার বিপরীতে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩৬৩। এর মধ্যে করোনা পজিটিভ ১৯২ জন, করোনা নেগেটিভ ৬৬ জন ও করোনা উপসর্গ নিয়ে ১০৫ জন ভর্তি আছেন।

হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে শুধু রাজশাহী জেলার রোগী ১৭৩ জন। দ্বিতীয় স্থানে থাকা নাটোরের ৫৯ জন, পাবনার ৫২ জন, নওগাঁর ৩৩ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৩১ জন ভর্তি আছেন।