রাজশাহী মেডিকেলে আরও ২১ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৫ জন ও করোনার উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রাজশাহীর তিনজন এবং নওগাঁ ও পাবনার একজন করে আছেন। এর আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে ১১ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৯ জুন ও গত ১৪ জুলাই হাসপাতালে ২৫ জন করে মারা যান। আগস্ট মাসে এখন পর্যন্ত ১৫১ জনের মৃত্যু হয়েছে। গত জুলাই মাসে মারা গেছেন ৫৩৫ জন। জুন মাসে ৩৪৬ জন মারা গেছেন।

জেলার সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ৮৫৪ জনের নমুনা পরীক্ষায় ১৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ১৬ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ১৮ দশমিক ৫০ শতাংশ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে নতুন করে ৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৪৪ জন। হাসপাতালে বর্তমানে ৫১৩ শয্যার বিপরীতে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩৮০। এর মধ্যে করোনা পজিটিভ ১৯৭ জন, নেগেটিভ ৬৮ জন ও উপসর্গ নিয়ে ১১৫ জন ভর্তি আছেন।

হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে শুধু রাজশাহী জেলার রোগী ১৭০ জন। দ্বিতীয় স্থানে থাকা পাবনার রোগী ৬২ জন, নাটোরের ৫৯ জন, নওগাঁর ৩৫ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৩৬ জন।