রাজশাহী মেডিকেলে করোনা ইউনিটে মৃত্যু কমেছে, রোগীর চাপ কমেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
ছবি: রয়টার্স

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে। আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত হাসপাতালে মারা গেছেন আটজন। এর আগের দিন হাসপাতালে এক দিনে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়। তবে মোট শয্যা অনুযায়ী হাসপাতালে রোগীর চাপ আগের মতোই আছে।

আজ সকাল ১০টার দিকে হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস এসব তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা ও করোনার উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন করোনায় মারা গেছেন। এই আটজনের মধ্যে করোনার ‘হটস্পট’ চাঁপাইনবাবগঞ্জের ৫ জন ও রাজশাহীর ৩ জন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ঈদের পর থেকে উদ্বেগজনক হারে বাড়ছে মৃত্যু। মে মাসের শেষ সপ্তাহ থেকে এই সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত ২৪ মে দুপুর থেকে ৫ জুন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় সংক্রমিত ছিলেন ৬০ জন। অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এর মধ্যে গত ২৪ মে ১০ জন, ২৫ মে ৪ জন, ২৬ মে ৪ জন, ২৭ মে ৪ জন, ২৮ মে ৯ জন, ৩০ মে সর্বোচ্চ ১২ জন, ৩১ মে ৪ জন, ১ জুন ৭ জন, ২ জুন ৭ জন, ৩ জুন ৯ জন, ৪ জুন ১৬ জন, সবশেষে আজ ৮ জন মারা গেলেন।

এদিকে হাসপাতালে আগের দিনের তুলনায় মৃত্যু কমলেও রোগীর চাপ আছেই। হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৬ জন। এর মধ্যে রাজশাহীর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন ও নওগাঁর ১ জন। এ নিয়ে আজ সকাল ১০টা পর্যন্ত ভর্তি আছেন ২২৪ জন রোগী। আগের দিন এ সংখ্যা ছিল ২২৫ জন। হাসপাতালে মোট বিছানা আছে ২৩২টি।

এ ব্যাপারে হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, হাসপাতালে খারাপ অবস্থা নিয়েই রোগীরা আসছেন। আর তাঁদেরই ভর্তিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।