রাজশাহী মেডিকেলে করোনা ওয়ার্ডে আরও ১৩ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রাজশাহীর ১২ জন ও  নাটোরের একজন। মৃত ব্যক্তিদের মধ্যে আটজনের করোনার উপসর্গ ছিল আর পাঁচজন করোনা পজিটিভ ছিলেন। এই পাঁচজনই রাজশাহীর। এই প্রথম শুধু রাজশাহীরই ১২ রোগী মারা গেলেন। আগের দিন এই হাসপাতালে মৃত্যু হয়েছিল ১৩ জনের।

এ নিয়ে চলতি মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও করোনার উপসর্গ নিয়ে মোট ২২১ জনের মৃত্যু হলো। এর মধ্যে ১৩ জুন থেকে এ পর্যন্ত মৃত্যু ১০ থেকে ১৪ এর মধ্যে উঠানামা করছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৬ জন। ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন ৬১ জন। এখন হাসপাতালে মোট ভর্তি আছেন ৩৯৩ জন। এর মধ্যে করোনা সন্দেহভাজন রোগী ১৪৭ জন, করোনা পজিটিভ রোগী ১৮৪ জন আর করোনা নেগেটিভ হয়েছেন ৬২ জন। আগের দিন মোট রোগীর সংখ্যা ছিল ৪০২ জন।

আগের দিন রাজশাহীর দুটি ল্যাবে মোট ৩৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১২৯ জনের। রাজশাহীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৯১। চাঁপাইনবাবগঞ্জে এই হার ২৯ দশমিক ৮৭ শতাংশ। আগের দিন রাজশাহীতে শনাক্তের হার ছিল ৪৩ দশমিক ১৯ আর চাঁপাইনবাবগঞ্জে ছিল ৪৮ দশমিক ৭২ শতাংশ।

হাসপাতালে গতকাল পর্যন্ত ৩০৯টি শয্যা ছিল। রোগী বেড়ে যাওয়ায় ৪৮ শয্যার নতুন একটি ওয়ার্ড করোনা ডেডিকেটেড ঘোষণা করা হয়েছে। আজ থেকে এই ওয়ার্ডে রোগী ভর্তি করা হতে পারে। গতকালই এই ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেন সংযোগ দেওয়া হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।