রাজশাহী মেডিকেলে করোনার রোগী ভর্তি ও মৃত্যুর রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চলতি মাসে করোনা রোগী ভর্তি ও মৃত্যুতে নতুন রেকর্ড হয়েছে। করোনার প্রথম ঢেউয়ের সময় এই হাসপাতালে সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছিলেন ৯৮ জন। দ্বিতীয় ঢেউয়ের সময় আজ মঙ্গলবার সর্বোচ্চ ৩২৫ জন করোনা রোগী ভর্তি রয়েছে ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের। গত তিন দিনে প্রতি দুই ঘণ্টায় একজনের বেশি হারে রোগীর মৃত্যু হয়েছে। চলতি মাসে প্রতিদিন গড়ে ৯ জনের বেশি করোনা ও করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগী মারা গেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগী ভর্তি এবং করোনা ও করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসকেরা চিন্তিত হয়ে পড়েছেন। এ পরিস্থিতিতে অতিরিক্ত রোগী সামাল দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ আরও একটি ওয়ার্ড করোনা রোগীদের জন্য প্রস্তুত করছে। এখন ৮০ শতাংশ রোগীরই অক্সিজেনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনার প্রথম ঢেউয়ের সময় এই হাসপাতালে সর্বোচ্চ ৯৮ জন রোগী ভর্তি হয়েছিলেন। ঈদুল ফিতরের আগে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়। ঈদের দুই দিন পর থেকে করোনা রোগী ভর্তির সংখ্যা বাড়া শুরু হয়। মঙ্গলবার সকালে এই হাসপাতালে মোট রোগীর সংখ্যা দাঁড়ায় ৩২৫। আগের দিনে এই রোগীর সংখ্যা ছিল ৩০৭। গত সপ্তাহজুড়ে হাসপাতালে ভর্তির রোগীর সংখ্যা ২৯০–এর নিচে নামেনি।

এই প্রথম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ৩০০ ছাড়াল। মঙ্গলবার সকাল আটটা থেকে আগের ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছেন ৫৮ জন। হাসপাতালের ১০টি ওয়ার্ড, ২০টি কেবিন ও ২০ শয্যার আইসিইউ মিলে করোনা রোগীর জন্য ২৭৩টি শয্যা প্রস্তুত করা হয়েছে। এর বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ৩২৫ জন। এর মধ্যে তিন দিন আগে হাসপাতালের অর্থপেডিকস ওয়ার্ডের ৩৬টি শয্যা করোনা রোগীদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। সেখানে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ সূত্র জানায়, সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ১৫ নম্বর ওয়ার্ডটি করোনা রোগীদের জন্য প্রস্তুত করছে। সেখানে ৩৬টি শয্যা রয়েছে। এগুলো প্রস্তুত হলে মোট শয্যা হবে ৩০৯টি। ৩০৯ জন রোগীকে কেন্দ্রীয় অক্সিজেনের সরবরাহের ব্যবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের রয়েছে। এর বেশি রোগী ভর্তি হলে সিলিন্ডারের অক্সিজেন ব্যবহার করতে হবে। সিলিন্ডারের ওপর নির্ভর করতে গেলেই মৃত্যুহার বেড়ে যাবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ আশঙ্কা করছে।

হাসপাতালে চলতি মাসে করোনা ও করোনা উপসর্গে মোট ১৪০ জন রোগী মারা গেছেন। মৃত্যুর হার গড়ে প্রতিদিন নয়জনের বেশি। এর মধ্যে দুই দিন ধরে ২৪ ঘণ্টায় ১২ জন করে এবং তার আগের দিন ১৩ জন রোগীর মৃত্যু হয়েছে।

হাসপাতালে চলতি মাসে করোনা ও করোনা উপসর্গে মোট ১৪০ জন রোগী মারা গেছেন। মৃত্যুর হার গড়ে প্রতিদিন নয়জনের বেশি। এর মধ্যে দুই দিন ধরে ২৪ ঘণ্টায় ১২ জন করে এবং তার আগের দিন ১৩ জন রোগীর মৃত্যু হয়েছে। ১২ জুন এই হাসপাতালে সর্বনিম্ন চারজন এবং ৪ জুন সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে। তা ছাড়া ৫, ৮, ৯, ১০ জুন ৯ জন করে এবং ৬ জুন ৬ জন ও ১১ জুন ১৫ জন মারা গেছেন। ১, ২ ও ৭ জুন ৭ জন করে রোগীর মৃত্যু হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী প্রথম আলোকে বলেন, ‘সেন্ট্রাল অক্সিজেন থাকায় এখনো যেভাবে মৃত্যুহার নিয়ন্ত্রণ করা যাচ্ছে, ৩০৯ বেডের বেশি রোগী হলে আর সেভাবে নিয়ন্ত্রণ করা যাবে না। কারণ, সেন্ট্র্রাল অক্সিজেনের প্রবাহটা রোগীরা পর্যাপ্ত পরিমাণে পেয়ে থাকেন সিলিন্ডার দিয়ে, তা হয় না।

ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী বলেন, ভারতীয় ধরনের কারণে এত রোগীর মৃত্যু হচ্ছে। হাসপাতালে এর আগে কখনোই করোনার এত রোগী ভর্তি হয়নি। এটি ১ হাজার ২০০ শয্যার একটি হাসপাতাল। এখানে এমনিতে প্রায় ২ হাজার রোগী ভর্তি থাকেন। এখন ১০টি ওয়ার্ড করোনা রোগীদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এরপরও হাসপাতালে হাজারের ওপরে সাধারণ রোগী ভর্তি রয়েছেন।

চিকিৎসকেরা বলছেন, রাজশাহীর করোনা রোগীদের মধ্যে এবার ভারতীয় ধরন লক্ষ করা যাচ্ছে। এই রোগীদের অন্যতম লক্ষণ তাঁদের অক্সিজেন বেশি প্রয়োজন হয়। তাঁদের আর একটি লক্ষণ হচ্ছে, হাসপাতালে আসার আগেই ৮০ শতাংশ রোগীর ফুসফুস ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁরা চিকিৎসার মাধ্যমে করোনামুক্ত হলেও ফুসফুসের জটিলতা নিয়েই তাদের বাঁচতে হবে।