রাজশাহী মেডিকেলে করোনায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে সর্বোচ্চ রোগী
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও সাত ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় সংক্রমিত ছিলেন পাঁচজন। বাকি দুজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে গত ২৪ মে থেকে ১ জুন পর্যন্ত ৯ দিনে হাসপাতালে মারা গেলেন ৬১ রোগী। এই ৬১ জনের মধ্যে ৩২ জন করোনায় সংক্রমিত ছিলেন। বাকিরা মারা গেছেন করোনার উপসর্গে। এদিকে হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে গত প্রায় দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ২১৬ রোগী ভর্তি আছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে মারা যাওয়া সাতজনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের দুজন এবং রাজশাহী ও নওগাঁর একজন করে রয়েছেন। হাসপাতালের ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে পাঁচজন এবং ১৬ ও ২২ নম্বর ওয়ার্ডে একজন করে মারা যান। তাঁদের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ মে দুপুর থেকে ৩১ মে দুপুর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় সংক্রমিত ছিলেন ২৭ জন। অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এর মধ্যে গত ২৪ মে ১০ জন, ২৫ মে ৪ জন, ২৬ মে ৪ জন, ২৭ মে ৪ জন, ২৮ মে ৯ জন, ৩০ মে সর্বোচ্চ ১২ জন, ৩১ মে ৪ জন এবং সবশেষ মঙ্গলবার দুপুর পর্যন্ত মারা গেলেন আরও ৭ জন। এই ৯ দিনে বিভাগের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে করোনায় মৃতের হার বেশি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
সাইফুল ফেরদৌস আরও বলেন, আজ দুপুর পর্যন্ত করোনা ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২১৬ জন। গত দেড় বছরের মধ্যে হাসপাতালে আজ সর্বোচ্চসংখ্যক রোগী ভর্তি আছেন। গত বছর সর্বোচ্চ সংক্রমণের দিনে রোগী ভর্তি ছিলেন ১৩৬ জন। ২১৬ জনের মধ্যে করোনা শনাক্ত হয়ে ভর্তি ৯১ জন। বাকিরা করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন। এই ২১৬ জনের মধ্যে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন ১৬ জন।