রাজশাহী মেডিকেলে করোনায় একজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ রোগে আক্রান্ত একজন মারা গেছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে তিনি মারা যান। হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। মারা যাওয়া ওই ব্যক্তির নাম আবদুল কুদ্দুস শাহ (৫০)। তাঁর বাড়ি নওগাঁর সাপাহার উপজেলায়।
হাসপাতাল ও মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে আবদুল কুদ্দুস বাড়ির গোসলখানায় গিয়ে পড়ে যান। এরপর তাঁর পরিবারের সদস্যরা তাঁকে রাজশাহীর বেসরকারি সিডিএম হাসপাতালে ভর্তি করেন। শ্বাসকষ্ট থাকায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবরেটরিতে করোনাভাইরাস শনাক্ত করার জন্য তাঁর নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হয়। গত বুধবার সেখান থেকে আসা প্রতিবেদনে তিনি কোভিড–১৯ রোগে আক্রান্ত বলে উল্লেখ করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে তিনি মারা যান।
হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনা পজিটিভ থাকায় আবদুল কুদ্দুসের মৃত্যুর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়। পরে তাদের স্বেচ্ছাসেবকেরা স্বাস্থ্যবিধি মেনে হাসপাতাল থেকে তাঁর লাশ দাফনের জন্য নিয়ে গেছেন। সাপাহারে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।