রাজশাহী মেডিকেলে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর ছয়জন; নাটোরের চারজন; পাবনা ও চাঁপাইনবাবগঞ্জের দুজন করে এবং নওগাঁ, বগুড়া ও ঝিনাইদহে একজন করে।
এই ১৭ জনের মধ্যে ৫ জন করোনায় মারা গেছেন। আর একজন করোনা নেগেটিভ হয়ে মারা গেছেন। করোনা পজিটিভ মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর দুজন এবং নওগাঁ, পাবনা ও নাটোরের একজন করে। নেগেটিভ একজন রাজশাহীর। বাকি ১১ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ রোববার হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মারা গেছেন ১৬ জন। এর মধ্যে গত ১৩ জুন থেকে এ পর্যন্ত মৃত্যু ১০ থেকে ২৫–এর মধ্যে ওঠানামা করছে। জুলাইয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩১৯ জন। জুনে মারা গেছেন ৩৪৬ জন।
আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬০ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৭৬ জন। এখনো হাসপাতালে ভর্তি ৫০৬ জন। এর মধ্যে করোনা পজিটিভ ২৪৩ জন, সন্দেহভাজন ২০৫ জন ও নেগেটিভ ৫৮ জন। আগের দিনে রোগী ছিল মোট ৫২৭ জন। মোট রোগীর মধ্যে শুধু রাজশাহী জেলার রোগীই ২৭১ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে নাটোর। এই জেলার রোগী ৮৪ জন। পাবনা রয়েছে তৃতীয় স্থানে, রোগীর সংখ্যা ৪৮। এক সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালের রোগীদের মধ্যে রাজশাহীর পরই থাকছে নাটোর। তারপরই পাবনা। বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে শয্যাসংখ্যা রয়েছে ৪৫৪।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলার ৩৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ৯৯ জনের। শনাক্ত দাঁড়িয়েছে ২৬ দশমিক ৬৮ শতাংশ। আগের দিনে এই হার ছিল ৩১ দশমিক ৯২।