রাজশাহী মেডিকেলে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত ব্যক্তিদের দাফনের কাজ করেন স্বেচ্ছাসেবকেরা
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর ১০ জন, নাটোরের ছয়জন, পাবনার চারজন ও নওগাঁর দুজন।

এই ২২ জনের মধ্যে সাতজন করোনায় মারা গেছেন। পজিটিভ মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর চারজন, পাবনার দুজন ও নাটোরের একজন। বাকি ১৫ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মারা যান ১৮ জন। এর মধ্যে গত ১৩ জুন থেকে এ পর্যন্ত মৃত্যু ১০ থেকে ২৫–এর মধ্যে ওঠানামা করছে। গত ২৯ জুন ও ১৪ জুলাই ২৫ জন করে মারা যান। এই মাসে এ পর্যন্ত মারা গেছেন ৩৯৩ জন। গত জুন মাসের মারা যান ৩৪৬ জন।

আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩১ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন নয়জন। এখনো হাসপাতালে ভর্তি ৪৩৪ জন। এর মধ্যে করোনা পজিটিভ ২১০ জন, সন্দেহভাজন ১৬৬ জন ও নেগেটিভ ৫৮ জন। আগের দিনে রোগী ছিল মোট ৪৩৭ জন। মোট রোগীর মধ্যে শুধু রাজশাহী জেলার রোগীই ২২৪ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে নাটোর। এই জেলার রোগী ৭২ জন। বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে শয্যাসংখ্যা ৪৫৪।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলার ৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ২৭ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৭ দশমিক শূন্য ৪ শতাংশ। আগের দিনে এই হার ছিল ৩৪ দশমিক শূন্য ৪ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৭২ জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ এসেছে ১৬ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ২২ দশমিক ২ শতাংশ।