রাজশাহী মেডিকেলে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন ও নাটোরের চারজন। মৃত ব্যক্তিদের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন, আরেকজন করোনা নেগেটিভ হয়ে মারা গেছেন। বাকিরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
আগের দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে মারা যান ১৭ জন। এ নিয়ে চলতি মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও করোনার উপসর্গ নিয়ে ২৯৬ জনের মৃত্যু হলো। এর মধ্যে ১৩ জুন থেকে এ পর্যন্ত মৃত্যু ১০ থেকে ১৮–এর মধ্যে ওঠানামা করছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৫ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৫৫ জন। এখন হাসপাতালে ভর্তি আছেন ৪৩৪ জন। এর মধ্যে করোনা পজিটিভ ২০৬ জন, সন্দেহভাজন ১৮৮ জন ও নেগেটিভ ৪০ জন। আগের দিন এই হাসপাতালে মোট রোগী ছিল ৪৩১ জন।
আগের দিন দুটি ল্যাবে রাজশাহীর মোট ৩৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১১৪ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ০৮ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩৪ দশমিক ৪৯ শতাংশ।
চাঁপাইনবাবগঞ্জের ১৬৮টি নমুনা পরীক্ষায় ২০ জনের পজিটিভ আসে। শনাক্তের হার ১১ দশমিক ৯০ শতাংশ।