রাজশাহী মেডিকেলে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছিল। আজ রোববার হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
হাসপাতাল ও জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে মারা যাওয়া ১০ জনের মধ্যে রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোর, নওগাঁ ও কুষ্টিয়ার ১ জন করে আছেন। তাঁদের মধ্যে ছয়জন করোনায়, একজন নেগেটিভ হয়ে ও বাকি তিনজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৭ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ২৪ জন। এখন হাসপাতালে মোট ভর্তি ১৪৫ জন। তাঁদের মধ্যে করোনা পজিটিভ ৬৩, করোনার উপসর্গ নিয়ে ৬৩ ও করোনা নেগেটিভ হয়ে ১৯ জন চিকিৎসা নিচ্ছেন।
রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুটি ল্যাবে ২৪ ঘণ্টায় রাজশাহী জেলার ৪০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ৩৮ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৪৫ শতাংশ। আগের ২৪ ঘণ্টায় এই হার ছিল ১০ শতাংশ। এ নিয়ে রাজশাহী জেলায় করোনায় ২৭ হাজার ২১৬ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২৯৯ জনের।