রাজশাহী মেডিকেলে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর চারজন, পাবনার পাঁচজন, নাটোরের তিনজন, কুষ্টিয়ার দুজন, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও বগুড়ার একজন করে। তাঁদের মধ্যে পাঁচজন করোনায় মারা গেছেন।

করোনা পজিটিভ মৃত ব্যক্তিদের মধ্যে পাবনার দুজন, রাজশাহী, নাটোর ও বগুড়ার একজন করে। এর মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে করোনা নেগেটিভ হয়ে মারা গেছেন। বাকি ১০ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার এ তথ্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে।

আগের ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছেন ১৮ জন। এর মধ্যে গত ১৩ জুন থেকে এ পর্যন্ত মৃত্যু ১০ থেকে ২৫–এর মধ্যে ওঠানামা করছে। গত ২৯ জুন ও ১৪ জুলাই ২৫ জন করে মারা যান। জুলাই মাসে এ পর্যন্ত মারা গেলেন ৫০৩ জন। গত জুন মাসে মারা গেছেন ৩৪৬ জন।

আজ বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৩২ জন। এখনো হাসপাতালে ভর্তি ৪১৫ জন। এর মধ্যে করোনা পজিটিভ ১৯২ জন, সন্দেহভাজন ১৭২ জন ও নেগেটিভ ৫১ জন। আগের দিনে রোগী ছিল মোট ৪০৩ জন।

আজকের মোট রোগীর মধ্যে শুধু রাজশাহী জেলার রোগীই ১৮৭ জন। এত দিন দ্বিতীয় অবস্থানে ছিল নাটোর। পাবনা ছিল তৃতীয় স্থানে। আজ পাবনা দ্বিতীয় স্থানে এবং নাটোর চলে গেছে তৃতীয় স্থানে। আজ হাসপাতালে পাবনার রোগী ৭৪ জন আর নাটোরের ৭৩ জন। বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে শয্যাসংখ্যা রয়েছে ৫১৩।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলার ৪২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ১২৪ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ২৮ দশমিক ৯০ শতাংশ। আগের দিনে এই হার ছিল ২২ দশমিক ৭৫ শতাংশ।

চাঁপাইনবাবগঞ্জের ১৮৭ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জনের পজিটিভ এসেছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ১৯ দশমিক ২৫ শতাংশ। আগের দিনে এই হার ছিল ৬ দশমিক ৬৭ শতাংশ।