রাজশাহী মেডিকেলে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে পাবনার পাঁচজন, রাজশাহীর চারজন, নাটোরের তিনজন, কুষ্টিয়ার দুজন, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর একজন করে আছেন। তাঁদের মধ্যে পাঁচজন করোনায় মারা গেছেন।

করোনার পজিটিভ মৃত ব্যক্তিদের মধ্যে পাবনার দুজন, রাজশাহী, নাটোর ও বগুড়ার একজন করে আছেন। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে দুজন করোনা নেগেটিভ হয়ে মারা গেছেন। বাকি ১০ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মারা যান ১৪ জন। এর মধ্যে গত ১৩ জুন থেকে এ পর্যন্ত মৃত্যু ১০ থেকে ২৫–এর মধ্যে ওঠানামা করছে। গত ২৯ জুন ও গত ১৪ জুলাই ২৫ জন করে মারা গেছেন। আগস্ট মাসে এ পর্যন্ত ৮০ জনের মৃত্যু হলো। গত জুলাই মাসে মারা গেছেন ৫৩৫ জন। গত জুন মাসে মারা গেছেন ৩৪৬ জন।

আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৩২ জন। এখনো হাসপাতালে ভর্তি আছেন মোট ৪১৫ জন। এর মধ্যে করোনা পজিটিভ ১৯২ জন, সন্দেহভাজন ১৭২ জন ও নেগেটিভ ৫১ জন। আগের দিন রোগী ছিলেন মোট ৪০৩ জন।

আজকের মোট রোগীর মধ্যে শুধু রাজশাহীর রোগী ১৮৭ জন। দ্বিতীয় স্থানে আছে পাবনা। আজ হাসপাতালে পাবনার মোট রোগী ৭৪ জন। আর নাটোরের রোগী ৭৩ জন, নওগাঁর ৩৯ জন ও চাঁপাইনবাবগঞ্জের ২৫ জন। বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে শয্যাসংখ্যা আছে ৫১৩।

রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের ল্যাবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলার মোট ৪২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ১২৪ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ২৮ দশমিক ৯০ শতাংশ। আগের দিনে এই হার ছিল ২৪ দশমিক ৯৩ শতাংশ।

সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য অনুযায়ী, রাজশাহী জেলায় গত ২৪ ঘণ্টায় মোট ৬২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ হয়েছে ১২৩ জন। শনাক্তের হার দাঁড়িয়েছে ১৮ দশমিক ২২ শতাংশ।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জের ১৮৭টি নমুনা পরীক্ষা করে ৩৬ জনের করোনা পজিটিভ এসেছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ১৯ দশমিক ২৫ শতাংশ। আগের দিনে এই হার ছিল ২২ দশমিক ৮৩ শতাংশ।