রাজশাহী মেডিকেলে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ ও উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায়ও পাঁচজনের মৃত্যু হয়েছিল। আজ শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

হাসপাতাল ও জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত করোনা ওয়ার্ডে মারা যাওয়া পাঁচজনের মধ্যে রাজশাহীর তিনজন, পাবনা ও নওগাঁর একজন করে। তাঁদের মধ্যে দুজন করোনায় ও তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ১৬ জন। এখন হাসপাতালে মোট ভর্তি আছেন ১৪২ জন। তাঁদের মধ্যে করোনা পজিটিভ ৬৮ জন, করোনার উপসর্গ নিয়ে ৪৩ জন ও করোনা নেগেটিভ হয়ে চিকিৎসা নিচ্ছেন ৩১ জন।

রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুটি ল্যাবে ২৪ ঘণ্টায় রাজশাহী জেলার ১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ১৯ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ১০। আগের ২৪ ঘণ্টায় এই হার ছিল ১৩ দশমিক ৫৩। এ নিয়ে রাজশাহী জেলায় করোনায় মোট আক্রান্ত ২৭ হাজার ১৭৮ জন, মারা গেছেন ২৯৭ জন।

রাজশাহী বিভাগে ৮৮ জনের করোনা শনাক্ত

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। এর আগের দিন মারা যান চারজন। এ নিয়ে বিভাগে করোনায় মারা গেলেন ১ হাজার ৬১৪ জন। একই সময়ে ৭৬৭টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৮৮ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৪৭। আজ শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এই ৮৮ জনের মধ্যে সিরাজগঞ্জে সর্বোচ্চ ৪৫ জন, বগুড়ায় ২৩ জন, রাজশাহীতে ১৯ জন ও পাবনায় একজনের করোনা শনাক্ত হয়েছে। এদিন বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও জয়পুরহাটে করোনার নমুনা পরীক্ষা হয়নি। রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত দুজনের বাড়ি বগুড়ায়।