রাজশাহী মেডিকেলে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু, রোগী ভর্তিও সর্বোচ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

দেশে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ রোগী মারা গেছেন। করোনা ও করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে ১২ জন মারা গেছেন। এর মধ্যে আটজন করোনায় সংক্রমিত ছিলেন আর চারজনের করোনার উপসর্গ ছিল।

এটিই হাসপাতালে এক দিনে সর্বোচ্চসংখ্যক রোগীর মৃত্যুর রেকর্ড। এ নিয়ে ২৪ থেকে ২৯ মে পর্যন্ত হাসপাতালে মারা গেলেন ৫০ জন। এর মধ্যে ২৪ মে হাসপাতালে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছিল। এই ৫০ জনের মধ্যে ২৩ জন করোনায় সংক্রমিত ছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, গতকাল শনিবার সকাল ১০টা থেকে আজ রোববার সকাল ১০টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ জন মারা যান। মৃত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ সাতজন করোনার নতুন হটস্পট চাঁপাইনবাবগঞ্জের। এ ছাড়া রাজশাহীর দুজন, নওগাঁর দুজন ও নাটোরের একজন মারা গেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৪ মে দুপুর থেকে ২৯ মে পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা সংক্রমিত ছিলেন ২৩ জন। অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এর মধ্যে ২৪ মে ১০ জন, ২৫ মে ৪, ২৬ মে ৪, ২৭ মে ৪, ২৮ মে ৯ এবং সবশেষ ৩০ মে মারা গেলেন ১২ জন। এই সাত দিনে বিভাগের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে করোনায় মৃতের হার বেশি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ ঘণ্টায় করোনার উপসর্গে মারা যাওয়া ব্যক্তিদের মৃত্যুর পর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।

রাজশাহী মেডিকেলে করোনাসংক্রান্ত রোগী বাড়ছে। রোগীদের জন্য ওয়ার্ডে জায়গা দিতেও হাসপাতাল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকাল ১০টা পর্যন্ত করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ২০৯ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৭৫ জন। বাকি ১৩৪ জন উপসর্গ নিয়ে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন ১৩ জন।

হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, এক দিনে সর্বোচ্চ ১২ মৃত্যুর দিনে সর্বোচ্চসংখ্যক রোগী ভর্তি হয়েছেন। গত বছর করোনার সর্বোচ্চ সংক্রমণের দিনে ১৩৬ জন রোগী ভর্তি হয়েছিলেন। গতকাল শনিবার ভর্তি ছিলেন ১৯৩ জন। হাসপাতালের ওয়ার্ডে জায়গা নেই। তাঁরা নতুন ওয়ার্ড চালুর ব্যাপারে কাজ করছেন।